চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজের শুরুর দিকের কয়েকটি অভিজ্ঞতা তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা তৈরি হয়েছিল, তিনি যেকোনো ধরনের দৃশ্যে সহজেই রাজি হয়ে যাবেন। ফলে চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও তাকে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতো।
অভিনেত্রীর কথায়, শুরুর দিকে চার-পাঁচটি সিনেমায় অনাবৃত দৃশ্যে অভিনয়ের পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের ধারণা হয়েছিল, তিনি হয়তো সব ধরনের প্রস্তাবই মেনে নেবেন। তবে প্রতিবারই তাকে স্পষ্টভাবে না বলতে হয়েছে।
সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ঘটনা জানান রাধিকা। তার দাবি, ওই দৃশ্যে শার্টের বোতাম খুলে অ্যাকশন করার কথা বলা হয়েছিল। কারণ অ্যাকশনের সময় শার্ট সরে যেতে পারে বলে তাকে বিকল্প একটি প্রস্তাব দেওয়া হয়।
রাধিকার ভাষ্য অনুযায়ী, নির্মাতাদের পক্ষ থেকে তাকে শুধু ব্রা ও অন্তর্বাস পরে দৃশ্যটি শুট করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমন প্রস্তাবে রীতিমতো স্তব্ধ হয়ে যান অভিনেত্রী।
রাধিকার কাছে এটিই ছিল শুটিং সেটের অন্যতম বাজে অভিজ্ঞতা। তার বক্তব্যে স্পষ্ট, পর্দায় চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এবং অযথা আলোচনায় আসার জন্য নগ্নতা ব্যবহার করা এক বিষয় নয়।
নিজের কাজের ক্ষেত্রে বরাবরই স্পষ্টভাষী রাধিকা। তার এই অভিজ্ঞতা আবারও সামনে আনল, চিত্রনাট্যের প্রয়োজন ও অপ্রয়োজনীয় যৌন আবেদন তৈরির মধ্যে পার্থক্য নিয়ে তার অবস্থান কতটা পরিষ্কার।