চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর। স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা মঙ্গলবার (৩ নভেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে জানান তিনি।
পোস্টে কণিকা লেখেন, অনেক চিন্তাভাবনার পর দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়ের জন্য স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এই গায়িকা। পাশাপাশি জীবনের এই পরিবর্তনের সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখার অনুরোধ করেছেন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের।
২০২২ সালের ২০ মে লন্ডনে গৌতমের সঙ্গে বিয়ে করেন কণিকা। এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে দুই মেয়ে আয়ানা ও সামারা এবং ছেলে যুবরাজ রয়েছে। ২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদের পর সংগীত ক্যারিয়ার গড়তে ভারতে ফিরে আসেন কণিকা।
গৌতমের সঙ্গে কণিকার পরিচয় প্রায় ১৫ বছরের। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কণিকার ভাষ্য অনুযায়ী, ২০১৪ ও ২০২০ সালে তিনি দুবার গৌতমকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরে ২০২১ সালের আগস্টে গৌতম তাঁকে বিয়ের প্রস্তাব দেন।
২০১৪ সালে সানি লিওন অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ সিনেমার ‘বেবি ডল’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান কণিকা। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার ‘লাভলি’ গানেও তাঁর কণ্ঠ শ্রোতাদের প্রশংসা পায়।