দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, অবশেষে সেটিই সত্যি হলো। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর সঞ্চালক হিসেবে আর দেখা যাবে না রচনা ব্যানার্জিকে। প্রায় দেড় দশক ধরে অনুষ্ঠানটির মুখ হয়ে থাকা এই তারকার পরিবর্তে নতুন সিজনে দায়িত্ব নিচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

ইতোমধ্যে নতুন সিজনের প্রমো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে শুধু সঞ্চালক নয়, অনুষ্ঠানটির ফরম্যাটেও বেশ কিছু পরিবর্তনের আভাস মিলেছে।

এতদিন চারজন প্রতিযোগীকে নিয়ে খেলা অনুষ্ঠিত হলেও নতুন মৌসুমে একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। পাশাপাশি খেলার ধরন ও উপস্থাপনাতেও আনা হয়েছে নতুনত্ব।

শুধু ফরম্যাট নয়, পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়ও। এতদিন বিকেলের জনপ্রিয় স্লটে প্রচারিত হলেও নতুন সিজন থেকে অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচার হবে। আগামী ২৯ জুন প্রচারিত হবে নতুন অধ্যায়ের প্রথম পর্ব।

অনুষ্ঠান থেকে সরে যাওয়ার বিষয়ে রচনা ব্যানার্জি জানিয়েছেন, কাজের ব্যস্ততা একটি কারণ হলেও এটি মূলত চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। ওরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের ওপরে তো আমি কিছু বলতে পারি না।’

তবে নতুন আয়োজনে সফল হওয়াটা সহজ হবে না বলেও মনে করেন তিনি। রচনার ভাষায়, ‘এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় রয়েছে, সেখানে পৌঁছাতে আমারও অবদান রয়েছে।’

নতুন সঞ্চালক স্বস্তিকা মুখার্জিকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন রচনা। তিনি বলেন, ‘স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী। বহু দিনের সম্পর্ক আমাদের। নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। অনেক শুভেচ্ছা রইল। আশা করি, দর্শকেরাও তাকে ভালোভাবে গ্রহণ করবেন।’

উল্লেখ্য, ২০১০ সালে জি বাংলার পর্দায় যাত্রা শুরু করেছিল ‘দিদি নাম্বার ওয়ান’। নারীকেন্দ্রিক এই গেম শো পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।