বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার দাপুটে পারফরম্যান্স এবং লিওনেল মেসির নেতৃত্বে দলের রোমাঞ্চকর জয় নিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তাদের মধ্যে অন্যতম ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।
আর্জেন্টিনার স্মরণীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী। একগুচ্ছ আনন্দঘন ছবি শেয়ার করে তিনি প্রিয় দলের প্রতি ভালোবাসা ও উচ্ছ্বাসের কথা জানান। পোস্টে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’
পোস্টে আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে পূর্ণিমা বলেন, ‘যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’
অভিনেত্রীর এই আবেগঘন বার্তা প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরাও আর্জেন্টিনা দলের প্রতি নিজেদের ভালোবাসা ও শুভকামনা প্রকাশ করেন। অনেকেই পূর্ণিমার উচ্ছ্বাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলের জয় উদযাপন করেন।