রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ড এবং পাশবিকতার ঘটনায় পুরো দেশজুড়ে তৈরি হয়েছে শোক, আতঙ্ক আর তীব্র ক্ষোভের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জঘন্য অপরাধের বিচার দাবিতে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সরব হয়েছেন।

এই লোমহর্ষক ঘটনায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। ফেসবুকে দেওয়া এক আবেগঘন ও সাহসী পোস্টে নিজের শৈশবের এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লিখেছেন:

কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শেখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সবসময় ব্যস্ত রাখি যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়। কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউজ কিংবা রেপের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম। তখন বুঝতাম না ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি।

শিশুদের মনের ভেতর জমে থাকা তীব্র ট্রমা ও ভয়ের কথা উল্লেখ করে এই অভিনেত্রী আরও লেখেন, “আজ ভাবি চার-পাঁচ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত না বলা কান্না জমে থাকে বছরের পর বছর। আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ তারা শুধু একটা মানুষকে না, একটা শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি মানুষের কর্মের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন।”

প্রয়াত বাবার কথা স্মরণ করে অত্যন্ত বিষণ্ণ কণ্ঠে উর্বী লেখার শেষাংশে যোগ করেন, “আজ খুব আব্বুকে মিস করছি। শুটিং, কাজ, ব্যস্ততা সবকিছুর মাঝেও মাঝে মাঝে মনে হয় কোথাও হারিয়ে যাই, এমন একটা জায়গায় যেখানে কেউ আমাকে চেনে না। হয়তো সেখানে একটু শান্তি পাওয়া যেত।