প্রথমবারের মতো ইউরোপের সৌন্দর্য উপভোগ করতে দীর্ঘ ৪৫ দিনের সফরে বের হয়েছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী। এই দীর্ঘ যাত্রায় নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডসহ পাঁচটিরও বেশি দেশ ঘুরে বেড়িয়েছেন তিনি।
নেদারল্যান্ডস দিয়ে শুরু হওয়া এই সফরে আমস্টারডাম, রটারডামসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছেন প্রিয়ন্তী। এরপর বেলজিয়াম ও ফ্রান্সের প্যারিস ভ্রমণ করেন, যেখানে আইফেল টাওয়ারের সামনে ছবি তোলা ও ডিজনিল্যান্ডে সময় কাটানো ছিল তাঁর জীবনের বিশেষ এক মুহূর্ত। জার্মানি এবং প্রাকৃতিক সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডের ইন্টারলাকেন ও গ্রিন্ডেলওয়ার্ল্ড ঘুরে দারুণ মুগ্ধ হন তিনি। বিদেশের নানা জায়গা দেখার পাশাপাশি স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ করা এবং স্বামীর সঙ্গে চমৎকার সময় কাটানোই ছিল তাঁর এই সফরের মূল আকর্ষণ।
ইউরোপ ভ্রমণের পাশাপাশি নিজের কাজের খবর রাখতেও ভোলেননি এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর নাটক ‘দাদি ভয়ংকর’ নিয়ে সামাজিক মাধ্যমে ইতিবাচক আলোচনা হচ্ছে। এ ছাড়া সামনে শাহরিয়ার পলক পরিচালিত ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে প্রিয়ন্তীকে, যেখানে কেন্দ্রীয় ‘বকুল’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।