বলিউডের বহুল প্রতীক্ষিত হরর-কমেডি ‘ভূত বাংলা’ মুক্তির আগেই বিতর্কের মুখে। ছবির ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ গানে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘গুপী গাইন বাঘা বাইন’-এর জনপ্রিয় গান ‘ভূতের রাজা দিল বর’-এর হুক লাইন বা অভিব্যক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি মুম্বাইয়ে ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এই অভিযোগ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পরিচালক প্রিয়দর্শন।
সরাসরি নকলের অভিযোগ খারিজ করে দিয়ে প্রিয়দর্শন বলেন:
“আমি সত্যজিৎ রায়ের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। তিনি সেই সব মহান নির্মাতাদের একজন, যাঁদের কাজ দেখে আমি সিনেমা শিখেছি। এখানে যে শব্দটি নিয়ে কথা হচ্ছে তা হলো ‘ভূত’। এখন ভারতীয় সিনেমায় যদি ‘দিওয়ানা’ শব্দটির ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়, তবে কি শুধু প্রথম ব্যবহারকারীরই সেই অধিকার থাকবে? সুরের সঙ্গে ওই গানের কোনো সম্পর্ক নেই।”
পরিচালক আরও জানান যে, গানের কথাগুলো গীতিকারই লিখেছেন এবং ছবির নাম ‘ভূত বাংলা’ হওয়ায় প্রেক্ষাপট অনুযায়ী শব্দগুলো ব্যবহার করা হয়েছে। সুরের কোনো মিল না থাকায় একে নকল বলতে নারাজ তিনি।
মুম্বাইয়ের আড়ম্বরপূর্ণ এই ট্রেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অক্ষয় কুমার, টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, মিথিলা পালকর, ওয়ামিকা গাব্বি এবং প্রযোজক একতা কাপুর। দীর্ঘ ১৪ বছর পর প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের এই জুটিকে বড় পর্দায় দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছেন।
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, আসরানি এবং রাজেশ শর্মা। সবকিছু ঠিক থাকলে আজ ১৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ভূত বাংলা’।