শরতের মেঘলা আকাশ কিংবা কাশবনের সাদা ছোঁয়া মিস করলেও ঘরে বসেই শরতের আমেজ খুঁজে নিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। কাশবনে যেতে না পারার আফসোস ভুলে নীল শাড়িতে সেজে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘তন্দ্রাবিলাস’ হাতে নিয়ে এক অন্যরকম মোহনীয় লুকে ধরা দিয়েছেন তিনি। মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি দৃষ্টিনন্দন ছবি শেয়ার করে ভক্তদের সাথে এই মুহূর্তগুলো ভাগ করে নেন নায়িকা।

ছবিগুলোতে পরীমনিকে দেখা যায় নীল রঙের নজরকাড়া এক শাড়িতে, যেখানে সুশৃঙ্খল খোঁপা আর মুখের মিষ্টি হাসিতে এক শান্ত নান্দনিকতা ফুটে উঠেছে। কখনো হুমায়ূন আহমেদের ‘তন্দ্রাবিলাস’ বইটি বুকে জড়িয়ে ধরে, আবার কখনো পাতার পর পাতা উল্টিয়ে ক্যান্ডিড ফ্রেমে বন্দি হয়েছেন তিনি। ছবিগুলোর সাথে ক্যাপশনে ছন্দের তালে পরীমনি লেখেন, ‘না হলো যাওয়া আর কাশবনে না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

ছবিগুলো প্রকাশ পাওয়ার পর পরই তা নেটিজেন ও ভক্তদের নজরে আসে। কমেন্ট বক্সে পরীর এই স্নিগ্ধ ও নান্দনিক রূপের প্রশংসায় মেতেছেন তাঁর অনুরাগীরা। ব্যস্ততার ফাঁকে ঘরের কোণেই শরতের আবহ তৈরি করে এমন শান্ত ও স্নিগ্ধ আমেজে নিজেকে মেলে ধরার এই ভাবনা ভক্তদের মন ছুঁয়ে গেছে।