সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও কটাক্ষ নিয়ে কথা বলেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সাইবার স্পেসে বারবার ট্রলের শিকার হলেও এসব নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। তাঁর স্পষ্ট দাবি, জীবনে ট্রল হওয়ার মতো কোনো কাজ তিনি করেননি; বরং নিজের সোজা ও স্পষ্টভাষী স্বভাবের কারণেই অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে নিয়ে ট্রল বানিয়ে ছড়ায়। 

সাক্ষাৎকারে ওমর সানী বলেন, “আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি জীবনেও করিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফালতু লোক আছে, যাদের অনেকে বট বাহিনীও বলে—ওরাই এসব ট্রল তৈরি করে।” নিজের ব্যক্তিত্বের কথা তুলে ধরে তিনি আরও যোগ করেন, “আমার একটাই বিষয়, আমি একটু প্রতিবাদী এবং সরাসরি কথা বলতে পছন্দ করি। এই সরাসরি কথা বলাটা যাদের আঁতে ঘা লাগে, তারা এসব ছড়ায়। আমি এসবে পাত্তা দিই না।”

কথোপকথনে নিজের পরিহিত একটি ঘড়ির বিষয়ে চলা চর্চা নিয়েও কথা বলেন ওমর সানী। তিনি জানান, অনেকেই হয়তো ফেসবুকে সামাজিক স্ট্যাটাস দেখাতে লাখ টাকার ঘড়ির কথা বলে, কিন্তু তাঁর হাতে থাকা ঘড়িটির দাম মাত্র ১১০০ টাকা। নিজস্ব সামর্থ্য বা মার্সিডিজ গাড়ি থাকার পরও তিনি কখনোই লোকদেখানো বাহাদুরি বা ‘ফুটানি’ পছন্দ করেন না বলে স্পষ্ট জানান। এছাড়া সামাজিক মাধ্যমে অহেতুক পোস্ট মুছে ফেলা বা অনর্থক মন্তব্য করা থেকে নিজেকে সবসময় দূরে রাখেন বলেও উল্লেখ করেন এই ঢালিউড তারকা।