শৈশবের দুরন্ত স্মৃতি আর হাসির খোরাক জুগানো নীল বিড়াল ‘অগি’ ও তিন তেলাপোকার চিরচেনা লড়াই আবারও নতুন করে জমতে যাচ্ছে। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ফরাসি অ্যানিমেটেড সিরিজ ‘অগি অ্যান্ড দ্য ককরোচেস’ (Oggy and the Cockroaches)-এর নতুন সিজন আসার অফিসিয়াল খবর সামনে এসেছে। বিশ্বখ্যাত অ্যানিমেশন স্টুডিও জাইলাম অ্যানিমেশন সম্প্রতি সিরিজটির নতুন ও বিশেষ এক সিজন নির্মাণের কথা নিশ্চিত করেছে, যা শোনামাত্রই উল্লাসে মেতে উঠেছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগি ভক্তরা।
১৯৯৮ সালে যাত্রা শুরু করা এই সংলাপহীন কার্টুনটি বিশ্বজুড়ে ১৯০টিরও বেশি দেশে সম্প্রচারিত হয়ে কয়েক প্রজন্মকে আনন্দে মাতিয়ে রেখেছে। গল্পের মূল আকর্ষণ শান্ত ও অলস স্বভাবের বিড়াল অগি, যে ঘরে বসে টিভি দেখতে আর সুস্বাদু খাবার খেতে পছন্দ করে। কিন্তু তার শান্তিতে বাঁধ সাধে একই বাড়িতে ডেরা বাঁধা তিনটি উটকো তেলাপোকা জয়, দিদি ও মার্কি। এই তিন তেলাপোকার নিত্যনতুন দুষ্টুমি আর অগির প্রতিশোধ নেওয়ার মজার চক্রান্তগুলোই কার্টুনটিকে যুগ যুগ ধরে দর্শকপ্রিয় করে রেখেছে। পরবর্তীতে অগির বন্ধু কাজিন বিড়াল জ্যাক, মেজাজি প্রতিবেশী কুকুর বব এবং অগির প্রেমিকা অলিভিয়ার উপস্থিতি পুরো আয়োজনে যোগ করে ভিন্ন মাত্রা।
দীর্ঘ দিন ধরে ভক্তরা নতুন পর্বের অপেক্ষায় ছিলেন। জানা গেছে, আসন্ন নতুন সিজনে প্রায় ৭৭টি ঝকঝকে পর্ব নিয়ে হাজির হতে যাচ্ছে এই জনপ্রিয় অ্যানিমেশনটি। আধুনিক অ্যানিমেশন ও নতুন সব মজার গল্প সাজিয়ে আগামী ২০২৭ থেকে ২০২৮ সালের মধ্যে নতুন পর্বগুলো বিশ্বজুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে। নব্বই দশক থেকে শুরু করে বর্তমান সময়ের ছোট-বড় সব বয়সের দর্শকের জন্য অগি ও তিন তেলাপোকার এই প্রত্যাবর্তন অ্যানিমেশন দুনিয়ায় আবারও বড়সড় হাসির তুফান তুলবে বলে আশা করা হচ্ছে।