এইচবিও ম্যাক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাকশন-কমেডি ও থ্রিলারধর্মী সিনেমা ‘নরমাল’। ১ ঘণ্টা ৩১ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি পরিচালনা করেছেন বেন হুইটলি এবং এতে অভিনয় করেছেন বব ওডেনকার্ক, হেনরি উইঙ্কলার ও লিনা হিডির মতো তারকারা।
সিনেমাটির গল্প গড়ে উঠেছে বরফে ঢাকা ১,৮৯০ জন বাসিন্দার এক শান্ত শহর ‘নরমাল’-কে কেন্দ্র করে। শহরে নতুন আসা শেরিফ উলিসিস রিচার্ডসন (বব ওডেনকার্ক) কোনো ঝামেলার মধ্যে না জড়িয়ে শান্তিতে ছয় সপ্তাহের দায়িত্ব শেষ করতে চান। তবে ব্যাংক ডাকাতির একটি ঘটনার পর শহরের শান্ত পরিবেশের আড়ালে থাকা অস্ত্র, দুর্নীতি ও সহিংসতার অন্ধকার জগৎ উন্মোচিত হতে শুরু করে। ‘জন উইক’ ও ‘নোবডি’ সিনেমার চিত্রনাট্যকার ডেরেক কোলস্টাড ও বব ওডেনকার্কের যৌথ গল্পে তৈরি এই চলচ্চিত্রে উলিসিসের সাধারণ জীবন থেকে পরিস্থিতির চাপে অ্যাকশন হিরোতে রূপ নেওয়ার বৈপরীত্য দর্শককে বেশ আনন্দ দেয়।
অ্যাকশন দৃশ্য এবং বব ওডেনকার্কের দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করলেও পর্যালোচনাটিতে সিনেমার কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত চরিত্রের উপস্থিতির কারণে পারিবারিক গল্প বা আবেগঘটিত জায়গাগুলোর সঠিক বিকাশ ঘটেনি এবং এর গল্প বা টুইস্টগুলো আগে থেকেই কিছুটা আন্দাজ করা যায়। তবে সব মিলিয়ে কিছুটা ডার্ক কমেডি, অ্যাকশন এবং বব ওডেনকার্কের অভিনয় উপভোগ করার জন্য সিনেমাটি মোটের ওপর একটি ভালো পছন্দ হতে পারে।