বিশ্বমঞ্চে আরও এক বড় মাইলফলক স্পর্শ করল বাংলা কনটেন্ট। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর সঙ্গে ঐতিহাসিক অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে গ্লোবাল স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। এই চুক্তির ফলে বিশ্বজুড়ে দর্শকরা এখন হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় উপভোগ করতে পারবেন হইচইয়ের প্রশংসিত সব অরিজিনাল সিরিজ ও কনটেন্ট।

এই বিশাল অংশীদারিত্বের আওতায় নেটফ্লিক্সের গ্লোবাল ক্যাটালগে যুক্ত হচ্ছে বাংলাদেশের দুটি অত্যন্ত আলোচিত ও দর্শকপ্রিয় প্রডাকশন আশফাক নিপুনের নির্মাণে বহুল প্রশংসিত থ্রিলার সিরিজ ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘বোয়েমিয়ান ঘোড়া’ (শাদী কা সিয়াপ্পা)। এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশি ওয়েব কনটেন্টের পরিধি আরও এক ধাপ প্রসারিত হলো। এছাড়া দুই প্ল্যাটফর্মের এই চুক্তির সুবাদে আগামী দিনগুলোতে আরও নতুন নতুন আকর্ষণীয় ও বৈচিত্র্যময় কনটেন্ট বিশ্বমঞ্চে জায়গা করে নেবে।