বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নয়, বরং তাঁর স্বামী ও পপ তারকা নিক জোনাস নিজেই বলিউডের গসিপ বা ভেতরের খবরাখবরের মস্ত বড় ভক্ত! সম্প্রতি জোনাস ব্রাদার্সের নতুন পডকাস্ট সিরিজে হাজির হয়ে এই মজাদার ও চমকপ্রদ তথ্যটি নিজেই ফাঁস করেছেন নিক।
হে জোনাস পডকাস্ট' (Hey Jonas Podcast)-এর একটি সাম্প্রতিক পর্বে নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, কেভিন জোনাস ও জো জোনাসের আড্ডায় উঠে আসে এই অজানা তথ্য। প্রিয়াঙ্কার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের অন্যতম সেরা একটি দিক হিসেবে বলিউডের গসিপকে রসাত্মকভাবে বেছে নিয়েছেন নিক। তিনি জানান, বিটাউনের তারকাদের প্রেম-বিচ্ছেদ কিংবা সম্পর্কের নানা খবর প্রিয়াঙ্কার আগেই তাঁর কাছে চলে আসে।
পডকাস্টে প্রিয়াঙ্কা হেসে খুন হয়ে জানান, নিকের সোশ্যাল মিডিয়া ফিড পুরোই বলিউড গসিপে ঠাসা। প্রিয়াঙ্কা বলেন, “আমি অনেক সময় বুঝতেও পারি না যে কার সাথে কার বিচ্ছেদ হয়েছে। যখন আমি পুরোনো সম্পর্কের কথা ভেবে কাউকে টেক্সট করতে যাই এবং বলি যে 'অমুককে আমার ভালোবাসা জানিও', তখন নিক পাশ থেকে বলে ওঠে, 'না, ওদের তো ব্রেকআপ হয়ে গেছে!'”
পডকাস্টের অন্য দুই ভাই কেভিন ও জো যখন নিকের কাছে তাঁর এই খবরের গোপন উৎসের কথা জানতে চান, তখন নিক তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তবে তিনি স্বীকার করেছেন যে, বলিউডের এই ভেতরের নাটকগুলো ফলো করতে তাঁর বেশ ভালো লাগে এবং তিনি গোপনে ইনস্টাগ্রামের বেশ কিছু বলিউড গসিপ অ্যাকাউন্ট ফলো করে রাখেন। ভারতের এই বর্ণিল বিনোদন দুনিয়ার খবরাখবর জানার প্রতি নিকের এমন টান দেখে নেটিজেনরা তাঁকে অনায়াসেই 'ন্যাশনাল জিজু' (জাতীয় দুলাভাই) উপাধির যোগ্য দাবিদার বলে মন্তব্য করছেন।