মার্কিন পপ তারকা ও অভিনেতা নিক জোনাসের ৩৪তম জন্মদিন উদযাপনে আয়োজনের কোনো কমতি রাখেনি পরিবার। বিশেষ এই সপ্তাহে স্ত্রী ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং কন্যা মালতী মেরির সঙ্গে কাটানো রোমান্টিক ও আনন্দের কিছু অবিস্মরণীয় মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই গায়ক। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়ে তিনি এই সপ্তাহটিকে জীবনের ‘পারফেক্ট বার্থডে উইক’ হিসেবে আখ্যা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির অ্যালবামে নিক জোনাসকে প্রিয়াঙ্কার সঙ্গে গলফ কোর্সে সময় কাটাতে, পরিবারের সঙ্গে গোলফ উপভোগ করতে এবং রঙিন পোশাকে সজ্জিত কন্যা মালতী মেরি চোপড়া জোনাসকে হাসিমুখে বসে থাকতে দেখা যায়। এছাড়া উদযাপনের কেন্দ্রে ছিল মার্সম্যালো, কুকিজ ও চকলেট বার দিয়ে সাজানো একটি বিশেষ কেক, যার ওপরে লেখা ছিল "হ্যাপি বার্থডে ৩৪ নিক"। পুরো অ্যালবামের শেষ ছবিতে একে অপরকে চুম্বনরত অবস্থায় এক দারুণ রোমান্টিক লুকে ধরা দেন এই দম্পতি।
এর আগে নিকের জন্মদিনে প্রিয়াঙ্কা চোপড়াও সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন। প্রিয়াঙ্কা লেখেন, “যিনি প্রতিদিন আমাদের সব স্বপ্ন সত্যি করে তোলেন, সেই মানুষটিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা.. আমরা তোমাকে ভালোবাসি, গাগা।” ২০১৮ সালে রাজস্থানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতির কোল আলো করে ২০২২ সালে আসে তাঁদের কন্যাসন্তান মালতী। কাজের ক্ষেত্রে, প্রিয়াঙ্কা চোপড়াকে সামনে দেখা যাবে এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’তে, যেখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।