মুক্তির প্রথম দিনে তুলনামূলক ধীরগতিতে শুরু হলেও দ্বিতীয় দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ: পার্ট ওয়ান’। মুক্তির তিন দিনে বিশ্বজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩৭৫ কোটি রুপি। এরই মধ্যে তৃতীয় দিনের আয়ের হিসাবে পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ ও রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর মতো আলোচিত সিনেমাকে।
বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শনিবার ভারতে সিনেমাটি ৮৩ কোটি ৪৫ লাখ রুপি (গ্রস) আয় করেছে। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৬০ কোটি রুপি। সব মিলিয়ে তিন দিনে বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি। প্রথম দিনের ৭৭ কোটি ৫০ লাখ রুপির তুলনায় তৃতীয় দিনে ভারতের বাজারে আয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
তৃতীয় দিনের বিশ্বব্যাপী আয়ের হিসাবে ‘রামায়ণ’ ছাড়িয়ে গেছে ‘আদিপুরুষ’, ‘পাঠান’ ও ‘অ্যানিমেল’-কে। সিনেমাগুলোর একই দিনের আয় ছিল যথাক্রমে ৩০৪ কোটি ৪ লাখ, ৩১৩ কোটি এবং ৩৫৬ কোটি ৫ লাখ রুপি। তবে এই তালিকায় এখনো এগিয়ে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’, যার তৃতীয় দিনের বিশ্বব্যাপী আয় ছিল ৩৮৩ কোটি ১৮ লাখ রুপি। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর তৃতীয় দিনের আয়ও ৫০০ কোটি রুপির বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দিওয়ালি উৎসবের কারণে রোববার সন্ধ্যা ও রাতের শোতে দর্শক উপস্থিতি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে উৎসবের ছুটিতে পারিবারিক দর্শকের সংখ্যা বাড়লে সিনেমাটির আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ। এ ছাড়া হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। সিনেমাটির দ্বিতীয় কিস্তিও নির্মিত হচ্ছে, যা ২০২৭ সালের পরিবর্তে ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।