দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও উঠতি তারকা কেভিন অভিনীত নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘হাই’ (Hi) আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। নতুন এই সিনেমার প্রচারণায় সম্প্রতি পার্লে মানে (Pearle Maaney)-র সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের সিনেমাটিকে ২০০৮ সালের হিট সিনেমা ‘ইয়ারাদি নি মোহিনী’-র সঙ্গে তুলনা করেছেন নয়নতারা।

সাক্ষাৎকারে নয়নতারা বলেন, “'হাই' খুব সুন্দর একটি মিষ্টি প্রেমের গল্প। 'ইয়ারাদি নি মোহিনী' ছবির মতো এমন সুন্দর গল্পের সিনেমা আমরা অনেকদিন দেখিনি। বলতে পারেন, এটি সেই গল্পেরই একটু আধুনিক এবং ছোট সংস্করণ। সেই সিনেমায় একটি বড় পরিবার ছিল, তবে এখানেও চমৎকার একটি পরিবার থাকলেও এটি হবে বেশ সাশ্রয়ী ও কমপ্যাক্ট।”

বিষ্ণু ইদাভান পরিচালিত এই সিনেমায় কেভিন ও নয়নতারা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা ভাগ্যরাজ, প্রভু এবং রাধিকা শরৎকুমার। গল্পে প্রতিনিয়ত প্রেমে ব্যর্থ হওয়া এক যুবকের সঙ্গে জীবনকে অন্যভাবে দেখা এক নারীর অপ্রত্যাশিত বিয়ের গল্প ও পরবর্তীতে সম্পর্কের নানা টানাপোড়েন ফুটে উঠেছে।

এ ছাড়া নয়নতারাকে সামনে রকি ভাই-খ্যাত ইয়াশের নতুন অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটি আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।