চট্টগ্রামের আঞ্চলিক ডায়লগ আর তুখোড় অভিনয়ে দর্শকদের হৃদয়ে আলাদা স্থান করে নেওয়া আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই নতুন কিস্তি নিয়ে তোলপাড় চলছে নেটদুনিয়ায়। সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন উঠেছিল খুব জলদিই ফিরছে ‘অ্যালেন স্বপন ৩’। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সিরিজের নির্মাতা শিহাব শাহীন ও প্রযোজক রেদওয়ান রনি।

নতুন কিস্তি নিয়ে শিহাব শাহীন কিছুটা রহস্য বজায় রেখে বলেন, “এখনো স্পষ্ট করে কিছু বলার সময় আসেনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।” তবে কাজ যে থেমে নেই, তা স্পষ্ট করে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ তাঁদের অন্যতম সফল প্রজেক্ট এবং এর নতুন সিজন নিয়ে দীর্ঘদিন ধরেই ক্রিয়েটিভ টিম ও পরিচালক কাজ করছেন। চিত্রনাট্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই কিছুটা সময় লাগছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে প্রথম আত্মপ্রকাশের পর ২০২৩ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় প্রথম একক সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এটি সেরা ওয়েব ধারাবাহিক হিসেবে সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারও জিতে নেয়। জানা গেছে, তৃতীয় কিস্তিতেও যথারীতি নামভূমিকায় থাকছেন অভিনেতা নাসির উদ্দিন খান। পাশাপাশি রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ারসহ আগের সিজনের গুরুত্বপূর্ণ মুখদের সঙ্গে নতুন কিছু চরিত্রেরও দেখা মিলতে পারে।