নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে আলোচনা চলছে নানা কারণে। ছবিতে রণবীর কাপুরের রামের চরিত্রে অভিনয় এবং প্রকাশিত প্রচারমূলক দৃশ্য নিয়ে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এবার সিনেমায় ভগবান রামের চরিত্রায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেতা মুকেশ খান্না। তাঁর মতে, ছবিতে রামকে ‘মর্যাদা পুরুষোত্তম’ হিসেবে উপস্থাপনের চেয়ে একজন অ্যাকশন হিরো হিসেবে বেশি দেখানো হয়েছে।
‘বলিউড নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার ট্রেলার নিয়ে নিজের আপত্তির কথা জানান ‘শক্তিমান’খ্যাত এই অভিনেতা। তাঁর দাবি, ছবিতে শ্রীরামকে ‘ধুরন্ধর’ বা অতিরিক্ত অ্যাকশননির্ভর চরিত্র হিসেবে দেখানো হয়েছে। বিশেষ করে রামকে গাছে উঠে তীর ছুড়তে দেখা যাওয়ার দৃশ্যটি তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে। মুকেশের বক্তব্য, তিনি বহুবার রামায়ণ পড়েছেন ও রামলীলা দেখেছেন, কিন্তু এমন উপস্থাপনা আগে দেখেননি।
মুকেশ খান্না বলেন, নির্মাতারা শ্রীরামকে সালমান খান, অমিতাভ বচ্চন ও রজনীকান্তের মতো অ্যাকশন তারকার আদলে উপস্থাপন করেছেন। তাঁর মতে, রাম ছিলেন ‘মর্যাদা পুরুষোত্তম’ এবং তাঁর চরিত্রে সংযম ও মর্যাদার বিষয়টি বেশি গুরুত্ব পাওয়া উচিত।
তিনি আরও প্রশ্ন তোলেন, শ্রীরামকে যদি এতটাই অ্যাকশননির্ভর চরিত্র হিসেবে দেখানো হয়, তাহলে রামায়ণের কাহিনিতে তাঁর বানরসেনার সহযোগিতার প্রয়োজন কেন হয়েছিল। মুকেশের এই মন্তব্য মূলত সিনেমায় রামের যুদ্ধের দৃশ্য ও চরিত্রের উপস্থাপন নিয়ে তাঁর ব্যক্তিগত আপত্তিকেই তুলে ধরে।
সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুকেশ। তাঁর মতে, অতিরিক্ত স্পেশাল ইফেক্ট ব্যবহার করে আন্তর্জাতিক দর্শকদের কাছে ছবিটিকে বড় মাপের ফ্যান্টাসি বা অ্যাকশন সিনেমা হিসেবে উপস্থাপন করা সম্ভব হলেও ভারতীয় দর্শকের কাছে রামের চরিত্রের সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতির বিষয়টি গুরুত্বপূর্ণ।
এদিকে ‘রামায়ণ’-এ রণবীর কাপুরের রামের চরিত্রে অভিনয় নিয়ে এর আগে মুকেশ খান্না নিজের সংশয়ের কথাও জানিয়েছিলেন। অন্যদিকে রণবীর জানিয়েছেন, রামের চরিত্রের জন্য তিনি শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি ধ্যান, যোগ, তিরন্দাজি ও তরবারি চালনার অনুশীলন করেছেন। চরিত্রটির ধর্ম, দায়িত্ব ও মানবিক দিক বোঝার চেষ্টাকেও তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রণবীর কাপুরের পাশাপাশি সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে ও অরুণ গোভিল অভিনয় করেছেন। ছবিটি দুই পর্বে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম পর্বের ভারতীয় মুক্তির তারিখ ৬ নভেম্বর ২০২৬ এবং দ্বিতীয় পর্বের মুক্তি ২০২৭ সালের দীপাবলিকে ঘিরে নির্ধারিত হয়েছে।