ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানীর প্রেম ও বিয়ের গল্প আজও দর্শকদের কাছে বিশেষ আলোচনার বিষয়। ১৯৯৫ সালের ৪ মার্চ দুই পরিবারের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন স্বজনের উপস্থিতিতে গোপনে বিয়ে করেছিলেন তারা। তবে অভিনয়জীবনের কথা ভেবে দীর্ঘ সময় সেই খবর প্রকাশ করেননি। পরে ১৯৯৬ সালের ২ আগস্ট আয়োজন করা হয় তাদের জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনা, যা সে সময় রাজধানীজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সেই সংবর্ধনার দিন ঘোড়ার গাড়িতে চড়ে বর হয়ে শেরাটন হোটেলে পৌঁছান ওমর সানী। তার সঙ্গে ছিলেন বাপ্পারাজ, অমিত হাসানসহ অনেক সহশিল্পী। আর পেছনে ছিল ১১৭টি গাড়ির বিশাল বহর। মহাখালী ডিওএইচএস থেকে শাহবাগ পর্যন্ত দীর্ঘ গাড়ির সারিতে সৃষ্টি হয়েছিল তীব্র যানজট। ওমর সানীর ভাষ্য, তিনি যখন বিজয় সরণিতে ছিলেন, তখন বহরের শেষ গাড়িটি তখনও মহাখালীতে দাঁড়িয়ে ছিল।

মৌসুমী ও ওমর সানীর প্রথম পরিচয় হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরতে। পরে ‘দোলা’ ও ‘আত্ম অহংকার’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। একসময় নিজের মায়ের দেওয়া স্বর্ণের চেইন মৌসুমীকে উপহার দেন ওমর সানী। এরপর দুই পরিবারের সম্মতিতেই তাদের সম্পর্ক বিয়েতে গড়ায়।

শুরুতে মৌসুমীর পরিবার চলচ্চিত্র অঙ্গনের কারও সঙ্গে মেয়ের বিয়ে দিতে আগ্রহী না থাকলেও পরে মত বদলায়। কয়েক মাস পর জানতে পারেন, তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসছে। এরপর আর বিয়ের খবর গোপন না রেখে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার। মৌসুমীর ইচ্ছাতেই সেদিন ঘোড়ার গাড়িতে বর সেজে আসেন ওমর সানী। সেই রাজকীয় আয়োজন আজও ঢাকার অন্যতম স্মরণীয় তারকা বিয়ের অনুষ্ঠান হিসেবে আলোচিত।