একসময় বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী ছিলেন মনিকা বেদি। হিন্দি, তামিল, তেলেগু, পাঞ্জাবি ও বাংলা সিনেমায় অভিনয় করে নিজের এক আলাদা পরিচিতিও গড়ে তুলেছিলেন তিনি। তবে অভিনয়ের চেয়ে তাঁর ব্যক্তিগত জীবনই শেষ পর্যন্ত বড় খবর হয়ে দাঁড়ায়। কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমের সঙ্গে সম্পর্কের জেরে সম্ভাবনাময় ক্যারিয়ার কার্যত ধ্বংস হয়ে যায় এই তারকার। জঘন্য বিতর্ক, ভুয়া পাসপোর্ট মামলা এবং কারাদণ্ডের কারণে বলিপাড়ায় আর কোনোদিন স্থায়ী আসন গড়ে তুলতে পারেননি তিনি। 

নরওয়েতে বড় হওয়া মনিকা নব্বইয়ের দশকের মাঝামাঝি মুম্বাইয়ে আসেন এবং ‘সুরক্ষা’, ‘জোড়ি নম্বর ওয়ান’, ‘পেয়ার ইশক অউর মোহাব্বত’সহ বেশ কিছু আলোচিত ছবিতে অভিনয় করে নজর কাড়েন। কিন্তু নব্বইয়ের শেষ দিকে এক অনুষ্ঠানে আবু সালেমের সঙ্গে পরিচয়ই তাঁর জীবনের গতিপথ বদলে দেয়। মনিকার দাবি অনুযায়ী, শুরুতে সালেম নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন, তাই তাঁর প্রকৃত রূপ তিনি বুঝতে পারেননি।

পরবর্তীতে ২০০২ সালে পর্তুগালের লিসবনে জাল পাসপোর্টসহ আবু সালেম ও মনিকা বেদিকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ভারতে প্রত্যর্পণের পর জাল পাসপোর্ট মামলায় জেল খাটতে হয় তাঁকে। যদিও আন্ডারওয়ার্ল্ডের সরাসরি অপরাধে তাঁর সম্পৃক্ততা প্রমাণিত হয়নি, কিন্তু এই বিতর্কের কারণেই প্রযোজকেরা তাঁর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেন। জেল থেকে বের হয়ে ‘বিগ বস’ এবং বেশ কিছু টিভি সিরিয়ালে ফিরলেও মূলধারার চলচ্চিত্রে আর জায়গা পাননি তিনি। নিজের এক সাক্ষাৎকারে আফসোস করে মনিকা বলেছিলেন, ভালোবেসে তিনি জীবন থেকে সবকিছু হারিয়েছেন, যার মাশুল তাঁকে এখনো গুনে যেতে হচ্ছে।