ভারতের উত্তরপ্রদেশের কুম্ভ মেলা থেকে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠা মোনালিসা ভোসলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কোনো সিনেমা বা মিউজিক ভিডিওর জন্য নয়, বরং তার ব্যক্তিগত জীবনের নতুন এক মোড় নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সম্প্রতি জানা গেছে, বলিউড পা রাখা এই তরুণী অভিনেত্রী মা হতে চলেছেন। তবে এই খুশির খবরের মাঝেই ছায়া ফেলছে তার বিয়ে নিয়ে চলা আইনি জটিলতা। গত মার্চ মাসে ফরমান খান নামে এক যুবককে বিয়ে করার পর থেকেই মোনালিসার পরিবার বিষয়টিকে 'লাভ জিহাদ' বলে অভিযোগ করে আসছিল।

মোনালিসার পরিবার মধ্যপ্রদেশের মণ্ডলেশ্বরের ডিএসপির কাছে অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। তবে মোনালিসার স্বামী ফরমান খান কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, গর্ভাবস্থার কারণে মোনালিসার পক্ষে বর্তমানে ভ্রমণ করা বা সরাসরি পুলিশের সামনে উপস্থিত হওয়া সম্ভব নয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তারা মোনালিসার গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত হতে চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তলব করতে পারে। বর্তমানে কেরালা হাইকোর্ট এই দম্পতির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন এবং আগামী ২০ মে পর্যন্ত ফরমানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত রেখেছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ কেরালার একটি মন্দিরে হিন্দু রীতি মেনে ফরমানকে বিয়ে করেন মোনালিসা। বিয়ের পরপরই তার পরিবার 'লাভ জিহাদ' ও 'বাল্যবিয়ে'র অভিযোগ আনলেও মোনালিসা সেসব অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তার পরিবার তাকে ইচ্ছার বিরুদ্ধে এক কাজিনের সাথে বিয়ে দিতে চেয়েছিল বলেই তিনি ফরমানের সাথে ঘর বেঁধেছেন। কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি থেকে শুরু করে বলিউডের 'দ্য ডায়েরি অব মণিপুর' সিনেমায় অভিনয় পর্যন্ত মোনালিসার এই যাত্রা যেমন রোমাঞ্চকর, তেমনি তার ব্যক্তিগত জীবন এখন আইনি ও সামাজিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে।