সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘Got Married’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। পরে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।
তবে বিভিন্ন সময়ে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা সত্যি হয়নি। মিষ্টি জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। তবে আপাতত স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চান না তিনি।
বিয়ের সময়, স্থান ও স্বামীর নাম জানতে চাইলে মিষ্টি জানান, এখনই এসব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।
স্বামীর পেশা প্রসঙ্গে মিষ্টি বলেন, তিনি একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ্যে আনতে চান না এই অভিনেত্রী।
বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং ঠিক কবে বিয়ে হয়েছে, সে তথ্যও আপাতত গোপন রাখতে চান তিনি। মিষ্টির ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো সাসপেন্স থাকবে না।
ভবিষ্যতে স্বামীকে সবার সামনে আনবেন কি না, জানতে চাইলে মিষ্টি জানান, তাকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা নেই। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন তিনি। এমনকি মজা করে ইতালিতে একটি অনুষ্ঠানের আয়োজনের কথাও জানিয়েছেন অভিনেত্রী।
মিষ্টি আরও জানান, তাদের বিয়েটি হুট করে হয়নি। অনেক আগেই তারা বিয়ে করেছেন। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। তার মতে, বিয়ে ও প্রেম নিয়ে বিভিন্ন সময় অনেকের বিরক্তিকর আচরণের কারণেই শেষ পর্যন্ত বিয়ের খবর প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মিষ্টির ভাষ্য অনুযায়ী, অনেকে তাকে ফোন করে দেখা করতে চাইতেন, বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন কিংবা সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে যান তিনি। তার মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা ঠিক নয়।
এদিকে মিষ্টি জান্নাত ও শাকিব খানের সম্পর্ক এবং তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এমনকি শাকিবের তৃতীয় স্ত্রী হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে মিষ্টি স্পষ্ট জানিয়েছেন, শাকিব খানের স্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নেই।
হানিমুনের পরিকল্পনা নিয়েও কোনো তথ্য প্রকাশ করতে চাননি মিষ্টি। এ বিষয়ে তিনি বলেন, এখনই কিছু বলা যাবে না।
নিজের বিবাহিত জীবন প্রসঙ্গে মিষ্টি জানান, বিয়ে হলেও এখনো পুরোপুরি সংসারী জীবন শুরু করেননি তিনি। বর্তমানে নিজের মতো করেই আছেন। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।