জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা পেরিয়ে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট উঠেছে সামানজার সাঈদের মাথায়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।

গ্র্যান্ড ফিনালের শেষ পর্বে জায়গা করে নেন সেরা পাঁচ প্রতিযোগী- আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী। চূড়ান্ত পর্বে তারা অংশ নেন প্রশ্নোত্তর রাউন্ডে, যেখানে তাদের ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি ও দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করা হয়। বিচারকদের সিদ্ধান্তে সেখান থেকেই নির্বাচিত হন এবারের বিজয়ী সামানজার সাঈদ।

গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনির শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্য নিয়েই এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি আরও বিস্তৃত হয়েছে এবং ইতোমধ্যে মডেলিংয়ের ১০টি ব্যাচ সম্পন্ন হয়েছে। এসব ব্যাচ থেকে উঠে আসা অনেকেই বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

এবারের প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ ও ‘হালফ্যাশন’-এর কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয়ের মাধ্যমে সামানজার সাঈদ এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল আয়োজন। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এর গ্র্যান্ড ফিনালে।