সিনেমার পর্দার চেয়ে ব্যক্তিগত জীবন, সাহসী মন্তব্য আর বহুমুখী পেশার কারণে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা, দন্তচিকিৎসক ও ব্যবসায়ী মিষ্টি জান্নাত। ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিভিন্ন সময় তাঁর নাম জড়িয়ে চলচ্চিত্র পাড়ায় নানা গুঞ্জন ছড়িয়েছে, এমনকি শাকিব খানের তৃতীয় স্ত্রী হওয়ার গুঞ্জনও চাউর হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে অত্যন্ত খোলামেলা ও বিস্ফোরক মন্তব্য করে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন এই নায়িকা।

সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত স্পষ্ট ভাষায় জানান যে শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তাঁর নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছা তাঁর নেই। তিনি জোর দিয়ে বলেন, তিনি কারও পা ধরে নায়িকা হননি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে শাকিব খানের সঙ্গে একই সিটে বসা একটি ছবি প্রকাশ পাওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন যে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পোক্ত করতেই তিনি শাকিবের সঙ্গ দিয়েছেন। সেই ধারণার জবাব দেওয়ার পাশাপাশি শাকিবের সঙ্গে একটি অন্যরকম ‘কাছের সম্পর্ক’ থাকার ইঙ্গিতও দিয়েছেন মিষ্টি। তিনি দাবি করেন, বিমানের সেই ছবির দিনই তিনি শাকিবের বাসায় গিয়েছিলেন এবং শাকিব উপর থেকে তাঁর মায়ের কাছ থেকে খাবার নিয়ে এসে মিষ্টিকে বলেছিলেন, "তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে"।

সাক্ষাৎকারে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সব ছেড়ে তাঁর কাছে আসতে চান, তবে তিনি কী করবেন। জবাবে এই চিত্রনায়িকা শাকিবের সম্পর্কের দিকে আঙুল তুলে বলেন, শাকিব যদি শুধুমাত্র তাঁর দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে থাকেন বা তাঁদের নিয়ে থাকেন বিষয়টি শুধু তেমন নয়, তাঁর অনেক গার্লফ্রেন্ড থাকে এবং আগে সেই সম্পর্কগুলো বন্ধ করতে হবে।

কথার একপর্যায়ে দেশের শীর্ষ তিনজন স্টাইলিশ নায়কের নাম জানতে চাওয়া হলে মিষ্টি জান্নাত শাকিব খানকে এক নাম্বারে রাখলেও তাঁকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলে মন্তব্য করেন। মিষ্টি বলেন, শাকিব এখন স্টাইলিশ হলেও আগে তিনি 'ক্ষ্যাত' ছিলেন। তবে শাকিব খানের এই ভোলবদল ও বড় পরিবর্তনকে সাধুবাদ জানিয়ে মিষ্টি বলেন, একজন সুপারস্টার বা অনস্ক্রিন কর্মীর নিজের পরিবর্তন ও ভালো লাগার দিকগুলো দেখা উচিত এবং শাকিবের এই পরিবর্তন অবশ্যই প্রশংসনীয়।