ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা সেন’ সিনেমার মাধ্যমে নতুন করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী ও উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। ছবিটি মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া ও ভালোবাসায় অভিভূত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি, অভিনয়জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন নাবিলা।

সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে নাবিলা বলেন, ‘একজন শিল্পী হিসেবে কোনো কাজ করার সময় অনেক প্রত্যাশা থাকে। কিন্তু দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে সবসময়ই একটা অনিশ্চয়তা কাজ করে। “বনলতা সেন” মুক্তির পর যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি সত্যিই অভিভূত। সবচেয়ে ভালো লাগছে, দর্শক শুধু অভিনয় নয়, সিনেমার নির্মাণ, আবহ, পোশাক ও উপস্থাপন নিয়েও কথা বলছেন।’

এই চরিত্রের জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে বলেও জানান নাবিলা। তিনি বলেন, ‘আমি খুব বেশি কাজ করি না। যখন কোনো কাজ করি, তখন পুরোপুরি নিজেকে সেই চরিত্রের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করি। “বনলতা সেন” এর জন্য আমাকে ওজন কমাতে হয়েছে, জীবনযাপনে পরিবর্তন আনতে হয়েছে। এমনকি কিছু কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি, যাতে এই চরিত্রের প্রস্তুতিতে পুরো মনোযোগ দিতে পারি।’

নাবিলার মতে, এটি তার অভিনয়জীবনের সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলোর একটি। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় শারীরিক ও মানসিক দুই ধরনের চ্যালেঞ্জই ছিল। সব মিলিয়ে এটি আমার অভিনয়জীবনের অন্যতম কঠিন যাত্রা।’

সাফল্যের পর আরও বেশি কাজ করার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে ভালো কাজের ক্ষুধা সবসময়ই থাকে। তবে আমি সংখ্যার চেয়ে মানকে বেশি গুরুত্ব দিই। বছরে অনেক কাজ করার চেয়ে একটি ভালো কাজ করতে পারলে আমি বেশি আনন্দ পাই। “বনলতা সেন” ঠিক তেমনই একটি কাজ। আমি বিশ্বাস করি, এই চরিত্র আমাকে বহু বছর দর্শকের মনে বাঁচিয়ে রাখবে।’

কাজ কম করার কারণ ব্যাখ্যা করে নাবিলা বলেন, ‘আমি কখনোই শুধু পর্দায় থাকার জন্য কাজ করতে চাইনি। যে গল্প আমাকে স্পর্শ করবে না, যে চরিত্র আমাকে নাড়া দেবে না, সেই কাজ করার আগ্রহ পাই না। তাই কাজের সংখ্যা কম হলেও এ নিয়ে আমার কোনো আফসোস নেই।’

নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ, আমার করা বেশিরভাগ কাজই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। “আয়নাবাজি” আমাকে নতুন পরিচয় দিয়েছে, “তুফান” আমাকে ভিন্ন ধরনের দর্শকের কাছে পৌঁছে দিয়েছে, আর “বনলতা সেন” একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ দিয়েছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নাবিলা জানান, কয়েকটি নতুন কাজ নিয়ে আলোচনা চলছে। তবে এখনই বিস্তারিত জানাতে চান না। তার ভাষায়, ‘আমি সবসময় এমন কাজের অপেক্ষায় থাকি, যা আমাকে একজন শিল্পী হিসেবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবে। আশা করি, সামনে দর্শকদের জন্য আরও কিছু ভালো কাজ নিয়ে হাজির হতে পারব।’