৩০ জানুয়ারি মুক্তি পাওয়া রানী মুখার্জির ক্রাইম অ্যাকশন থ্রিলার ‘মর্দানি ৩’ শুরুতেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। প্রতিকূল পরিস্থিতি ও একাধিক বড় বাজেটের ছবির ভিড়ের মধ্যেও প্রথম তিন দিনেই ছবিটির সংগ্রহ পৌঁছেছে প্রায় ১০ কোটি রুপিতে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে প্রায় ৪ কোটি রুপি। সপ্তাহান্তের দর্শক সমাগমে সেই গতি আরও বাড়ে। রবিবার আয়ের গ্রাফ উঠে যায় প্রায় ৬ কোটিতে। সব মিলিয়ে প্রথম তিন দিনেই দুই অঙ্কের ঘরে পৌঁছে গেছে ‘মর্দানি ৩’-এর বক্স অফিস সংগ্রহ।

বর্তমানে প্রেক্ষাগৃহে একাধিক হাই-বাজেট ছবি চললেও, এমনকি একটি বড় যুদ্ধভিত্তিক ছবির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাঝেও ‘মর্দানি ৩’ নিজের জায়গা ধরে রেখেছে। বরং স্থিতিশীল পারফরম্যান্সের মাধ্যমে ইন্ডাস্ট্রির নজর কেড়েছে ছবিটি।

অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবির মুক্তি আরও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ভারতীয় সিনেমায় রানী মুখার্জির তিন দশকের অভিনয়জীবনের মাইলফলকেই মুক্তি পেয়েছে ‘মর্দানি ৩’। পর্দায় শক্তিশালী নারী পুলিশ চরিত্রে রানির প্রত্যাবর্তন যে এখনও দর্শকদের টানতে পারে, বক্স অফিসের এই সাফল্যই তার স্পষ্ট প্রমাণ।