বলিউডের ‘ফিটনেস কুইন’ মালাইকা অরোরাকে নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না। বিশেষ করে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানার পর থেকে তাঁর ব্যক্তিগত জীবন এখন ‘টক অব দ্য টাউন’। গত দুই বছরে কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে ডালপালা মেলছে হাজারো গুঞ্জন। রহস্য আর রোমান্সের এই গোলকধাঁধায় মালাইকার মনের মানুষটি আসলে কে, তা নিয়ে নতুন করে সরগরম বি-টাউন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এই বিষয়ে খোলামেলা মুখ খুলেছেন মালাইকা। অভিনেত্রী জানান, এসব গুঞ্জন এখন তিনি কেবল রসিকতা হিসেবেই গ্রহণ করেন। এমনকি হর্ষ মেহতা বা সৌরভ বেদীকে নিয়ে ছড়ানো খবরগুলো নিয়ে তিনি তাঁর ছেলে আরহান খানের সঙ্গে বসে হাসাহাসিও করেন। গত বছর এনরিকের এক অনুষ্ঠানে হর্ষের সঙ্গে দেখা যাওয়ার পর তাঁদের সম্পর্কের খবর চাউর হয়। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ নাচের ভিডিও নতুন করে জল্পনার জন্ম দেয়।

একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে কোনো সঙ্গীর অভাব বোধ করেন কি না, এমন প্রশ্নের জবাবে মালাইকা বেশ আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন। তিনি বলেন, “এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ, কিন্তু আমি সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। আমাকে পরিপূর্ণ করার জন্য কোনো পুরুষের দরকার নেই।” আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুন করে চিনিয়েছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার আর স্বাধীনচেতা জীবনবোধই এখন তাঁর প্রধান পরিচয়।