তেলুগু সুপারস্টার মহেশ বাবুর পরিবারে এখন উৎসবের আমেজ। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তাঁর বোন পদ্মাবতীর ছেলে সিদ্ধার্থ গাল্লা। দীর্ঘদিনের দক্ষিণ কোরিয়ান প্রেমিকা হেইইন কিম-এর (Hyein Kim) সাথে ইতালিতে জমকালো আয়োজনে সম্পন্ন হবে এই বিয়ে।
সম্প্রতি সিদ্ধার্থ ও হেইইন কিমের বাগদান ও প্রাক-বিবাহের 'পাসুপু' (Pasupu) আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মহেশ বাবুর স্ত্রী ও সাবেক অভিনেত্রী নম্রতা শিরোদকর সামাজিক যোগাযোগমাধ্যমে এই উৎসবের বেশ কিছু ছবি শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।
নেটিজেনদের মাঝে এই দক্ষিণ কোরিয়ান তরুণীকে নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। হেইইন কিম (যার ডাকনাম জিন্নী) মূলত লাইমলাইট বা প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি বেশ ভ্রমণপিপাসু ও ফিটনেস সচেতন। ইতিমধ্যে তিনি সান ফ্রান্সিসকো, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া এবং ভারতের গোয়া ও হায়দরাবাদের মতো বিভিন্ন স্থান ভ্রমণ করেছেন। ২০২৫ সালে তিনি তাঁর বাবা-মাকে নিয়ে সিদ্ধার্থের সাথে সিঙ্গাপুরেও একটি পারিবারিক সফর করেছিলেন। পেশাগতভাবে তিনি সার্ভিস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বলে জানা গেছে।
পারিবারিক পরিচয়ের দিক থেকে সিদ্ধার্থ গাল্লা হলেন রাজনীতিবিদ গাল্লা জয়দেব এবং মহেশ বাবুর বোন পদ্মাবতীর সন্তান। সিদ্ধার্থের ভাই অশোক গাল্লা ২০২২ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে পা রাখেন এবং সম্প্রতি তাঁর ‘দেবকী নন্দনা বাসুদেবা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। তবে অশোক রুপালি পর্দায় ক্যারিয়ার গড়লেও, তাঁর ভাই সিদ্ধার্থ গাল্লা বিনোদন জগৎ থেকে দূরে থেকে মূলত ব্যবসার দেখাশোনা করছেন। দীর্ঘদিনের প্রেমের পর এবার ইতালির মনোরম পরিবেশে এই ভারত-কোরিয়ান জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।