টেলিভিশনের জনপ্রিয় জ্ঞানভিত্তিক কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসি বলতেই দর্শকদের চোখে ভেসে ওঠে অমিতাভ বচ্চনের গম্ভীর কণ্ঠ ও চিরচেনা উপস্থাপনা। তবে এবার কেবিসির মারাঠি সংস্করণে আসছে বড় পরিবর্তন। সঞ্চালকের আসনে বসতে যাচ্ছেন বলিউডের ‘ধক ধক গার্ল’খ্যাত মাধুরী দীক্ষিত।

সম্প্রতি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় হিন্দি কেবিসির নতুন মৌসুমের প্রমো প্রকাশের পর মাধুরীর নাম নিয়ে আলোচনা শুরু হয়। পরে জানা যায়, হিন্দি সংস্করণ নয়, মারাঠি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমের সঞ্চালনার দায়িত্ব নিতে যাচ্ছেন মাধুরী।

মারাঠি কেবিসির ইতিহাসে এবারই প্রথম কোনো নারী তারকাকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। এর আগে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। তাঁদের পর এবার মাধুরীর হাতে উঠতে যাচ্ছে এই জনপ্রিয় কুইজ শোর সঞ্চালকের দায়িত্ব।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ওটিটি প্ল্যাটফর্ম ও বিচারকের আসনেও দেখা গেছে মাধুরী দীক্ষিতকে। তবে পূর্ণাঙ্গ জ্ঞানভিত্তিক কুইজ শোর সঞ্চালক হিসেবে এটি তাঁর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। নতুন এই ভূমিকায় কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রীও।

জ্ঞান, স্বপ্ন ও মানুষের ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে তৈরি কেবিসির মতো বড় একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত মাধুরী। তাঁর এই নতুন অধ্যায় ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

এর আগে কেবিসির তামিল সংস্করণে নারী সঞ্চালক হিসেবে কাজ করেছেন রাধিকা শরৎকুমার। এবার মারাঠি সংস্করণে মাধুরীর অভিষেক অনুষ্ঠানটির ইতিহাসে নতুন সংযোজন হতে যাচ্ছে।

অভিনেত্রীকে এবার ভিন্ন এক ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। অভিনয়ের পর্দার বাইরে জ্ঞানভিত্তিক কুইজ শোর মঞ্চে মাধুরী দীক্ষিত কতটা দর্শক মাতাতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।