ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। বোন লতা মঙ্গেশকরের বিশাল ছায়া থেকে বেরিয়ে নিজের স্বতন্ত্র গায়কী ও বহুমুখী প্রতিভা দিয়ে হিন্দি প্লেব্যাক সংগীতকে সমৃদ্ধ করা আশা ভোঁসলে আর নেই। রবিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণ ও শারীরিক ক্লান্তির কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের চিকিৎসক ডা. প্রতিত সামদানি পিটিআইকে জানান:
“কিছুক্ষণ আগে মাল্টি অর্গান ফেলিউরের কারণে তিনি মারা গেছেন।”
আশার মৃত্যুতে সংগীতের একটি মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। ১৯৪৩ সালে মাত্র ১০ বছর বয়সে মারাঠি চলচ্চিত্র ‘মাঝা বাল’-এ তাঁর যাত্রা শুরু হয়েছিল। এরপর আট দশকেরও বেশি সময় ধরে প্রায় ১২ হাজার গান রেকর্ড করে তিনি নিজেকে বিশ্ব সংগীতের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি ছিলেন অনন্য বহুমুখী প্রতিভার অধিকারী। “আজা, আজা”-র মতো চটুল গান থেকে শুরু করে “চেইন সে হাম কো কভি”-র মতো বিষাদময় গান- সবখানেই তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ করে ‘উমরাও জান’ সিনেমার গজলের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, যার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন।
ব্যক্তিগত জীবনে আশা ১৯৪৯ সালে ১৬ বছর বয়সে গণপতরাও ভোঁসলেকে বিয়ে করেন এবং পরবর্তীতে প্রখ্যাত সুরকার আর ডি বর্মনের সঙ্গে ঘর বাঁধেন। উল্লেখ্য, তাঁর বড় বোন লতা মঙ্গেশকরও ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৯২ বছর বয়সেই প্রয়াত হয়েছিলেন।
আশা ভোঁসলে তাঁর দীর্ঘ কর্মজীবনে দাদাসাহেব ফালকে, পদ্মবিভূষণসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত ও সংগীতানুরাগীদের মাঝে।