হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের দায়ে ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে পোশাকবিধি লঙ্ঘন এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে তাঁদের এ শাস্তি দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) তাঁদের আইনজীবী এ তথ্য জানান। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাতে জানায়, পারাস্তু ও তাঁর চার সহযোগীকে পবিত্র নগরী কোমে বেত্রাঘাত করা হয়েছে। পাশাপাশি তাঁদের দুই বছরের ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়া কনসার্টে অংশ নিয়েছিলেন ২৯ বছর বয়সী পারাস্তু। হাতাকাটা পোশাক পরে ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন তিনি। কনসার্টের ভিডিওটি তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়, যা এখন পর্যন্ত ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। ওই মাসেই তাঁকে গ্রেপ্তার করা হলেও অল্প সময়ের মধ্যে মুক্তি দেওয়া হয়। পরে গত জুনে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল থাকে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা ও ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে ২০২২ সালের পর থেকে দেশটিতে হিজাববিধি অমান্য করে নারীদের চলাচল বেড়েছে। এর মধ্যে গত এক বছরে আইনটি আরও কঠোরভাবে কার্যকরের উদ্যোগ নিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

এর আগে হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে দেশটির আরও কয়েকজন শিল্পী গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়েছেন। ২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। একইভাবে ২০২৪ সালে হিজাব ছাড়া জনসমক্ষে গান পরিবেশনের ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার হন সংগীতশিল্পী জারা ইসমাইলি। ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।