চার বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে তাঁর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ। অন্যদিকে, সম্প্রতি এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার খবর জানিয়েছেন ওটিলিয়া নিজেও। সেখানে তিনি বলেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইতে তিনি মুখিয়ে আছেন। এবারের আয়োজন দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন এই রোমানিয়ান গায়িকা।
আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ঢাকায় গান গেয়েছিলেন ওটিলিয়া। চার বছর পর আবারও তাঁর ফিরে আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা।
ইতোমধ্যে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজনে অংশ নিতে দর্শকদের গুনতে হবে ২ হাজার ৬০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।