‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় রুবি চরিত্রে অভিনয় করে নজর কাড়া তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী এবার নতুন চমক নিয়ে আসছেন। নব্বইয়ের দশকের মিষ্টি প্রেমের গল্প অবলম্বনে নির্মিত নতুন ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’-তে দেখা যাবে তাঁকে। আসিফ জাহাঙ্গীর পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় ‘দিয়া’ চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য। নব্বইয়ের দশকের সিনেমার আমেজ ও রোমান্টিক গল্পের প্রতি ভালোলাগা থেকেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানান তিনি।
প্রথম শ্রেণিতে পড়ার সময় বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন লাবণ্য। পরবর্তীতে শিশুশিল্পী হিসেবে ‘দেবী’ ও ‘কৃষ্ণপক্ষ’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে শিশুশিল্পীর তকমা মুছে মূল চরিত্রে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করা বেশ চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে লাবণ্য জানান, দর্শক ও নির্মাতাদের কাছে নিজের নতুন পরিচয় প্রতিষ্ঠা করতে তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে।
কাকতালীয় হলেও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রে কাজের বিশেষ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ‘কৃষ্ণপক্ষ’, ‘দেবী’ থেকে শুরু করে ‘বনলতা এক্সপ্রেস’ হুমায়ূন আহমেদের তিনটি ভিন্ন গল্পে অভিনয় করার সুযোগকে জীবনের বড় সৌভাগ্য বলে মানেন লাবণ্য। তবে কিংবদন্তি এই সাহিত্যিক ও নির্মাতার জীবদ্দশায় তাঁর সরাসরি নির্দেশনায় কাজ করতে না পারার আফসোস রয়ে গেছে এই অভিনেত্রীর।
একই ধরণের চরিত্রে আটকে না থেকে ‘নকশীকাঁথার জমিন’ ও ‘প্রিয় সত্যজিৎ’-এর মতো ভিন্নমাত্রিক চরিত্রে কাজ করে নিজের বৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন তিনি। এতদিন পড়াশোনার চাপের কারণে নাটকে কম সময় দিলেও, এখন থেকে সিনেমার পাশাপাশি ছোটপর্দাতেও নিয়মিত কাজ করার পরিকল্পনা করছেন এই তরুণ অভিনেত্রী।