বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন আসন্ন ‘ককটেল ২’ সিনেমায়। রাশমিকার সাম্প্রতিক সিনেমাগুলোর ব্যবসায়িক সাফল্য এবং কৃতির অভিনয় দক্ষতার প্রশংসা। সব মিলিয়ে এই দুই তারকার রসায়ন নিয়ে দর্শকদের মাঝে রয়েছে প্রবল আগ্রহ। তবে গুঞ্জন উঠেছিল, একই সিনেমায় রাশমিকার উপস্থিতি নিয়ে কৃতি হয়তো কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জল্পনা উড়িয়ে দিয়ে কৃতি স্পষ্টভাবে জানান, রাশমিকাকে নিয়ে তাঁর মনে কোনো নেতিবাচক অনুভূতি নেই।
কৃতি তাঁর সহ-অভিনেত্রীর প্রশংসা করে বলেন, “রাশমিকার মধ্যে কোনো নেতিবাচকতা নেই, শুধু ভালোবাসা আর ইতিবাচক মানসিকতা রয়েছে। ও খুবই আন্তরিক ও ভালো মানুষ। ওকে আমি খুব ভালোবাসি।” শুটিং চলাকালীন তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে বলেও জানান তিনি। এর আগেও রাশমিকার বিভিন্ন কাজের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে কৃতি তাঁদের সৌহার্দ্যের প্রমাণ দিয়েছিলেন। কৃতির মতে, প্রতিযোগিতার চেয়েও পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতা তাঁদের কাজের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে।
হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ সিনেমায় কৃতি ও রাশমিকার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে। ২০১২ সালের ব্লকবাস্টার ‘ককটেল’-এর সিক্যুয়েল হওয়ায় এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে কৌতূহল ছিল তুঙ্গে। বিশেষ করে একটি গানের দৃশ্য প্রকাশের পর তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি এখন নেটদুনিয়ায় চর্চার বিষয়। দীপিকা পাড়ুকোনের ‘ভেরোনিকা’ চরিত্রের সেই আইকনিক স্মৃতি বহন করে এই নতুন কিস্তি বক্স অফিসে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।