বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের সঙ্গে সাক্ষাতের স্মরণীয় অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক ও কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে নোলানের সঙ্গে তোলা কয়েকটি ছবি, সেলফি এবং অটোগ্রাফের মুহূর্ত শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
পোস্টে রাকিব জানান, বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে তার। অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি আমার কিংবদন্তির সঙ্গে দেখা করেছি। আমি স্যার ক্রিস্টোফার নোলানের সঙ্গে দেখা করেছি। যখন তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন, তখন একজন বললেন, “স্যার, উনি আপনার সবচেয়ে বড় ভক্ত।” তখন নোলান তার চিরচেনা বিনয়ী হাসি দিয়ে বললেন, “ওহ, তুমিই তাহলে সেইজন।”’
সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে রাকিব আরও লেখেন, ‘ঘটনাটা যেন বিশ্বাসই হচ্ছিল না। এরপর কিছুক্ষণ কথা বলার সুযোগ হয়েছিল। সেলফি তুললাম, অটোগ্রাফ নিলাম। সবশেষে তিনি উপরে চলে যাওয়ার সময় আবার আমাকে দেখে ইশারা করলেন। পুরো শরীর যেন শিহরিত হয়ে উঠেছিল। সবকিছু এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে। এটি সারাজীবনের এক অবিস্মরণীয় স্মৃতি।’
রাকিবের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। চলচ্চিত্রপ্রেমী, অনুসারী এবং বিনোদন অঙ্গনের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। অনেকের মতে, বিশ্বের অন্যতম প্রভাবশালী নির্মাতার কাছ থেকে এমন আন্তরিকতা পাওয়া একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের জন্য বিশেষ অর্জন।
প্রসঙ্গত, প্রাচীন গ্রিক মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে নির্মিত নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নির্মাতা, অভিনয়শিল্পী ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান রাকিবও। সেখানেই ক্রিস্টোফার নোলানের সঙ্গে তার এই স্মরণীয় সাক্ষাৎ ঘটে।