দীর্ঘ ২২ বছর ধরে বলিউড তারকাদের প্রেম, সম্পর্ক, ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের সাক্ষী হয়ে আসা জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’ এবার শেষ হতে যাচ্ছে। উপস্থাপক ও নির্মাতা করণ জোহর জানিয়েছেন, আসন্ন নবম মৌসুমই হতে যাচ্ছে অনুষ্ঠানটির শেষ মৌসুম। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হবে এর নতুন মৌসুম।

‘ভ্যারাইটি’কে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানান, ক্যারিয়ারের পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মাণে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি। তাই দীর্ঘদিনের এই অনুষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। করণের ভাষায়, বিনোদনজগতে তাঁর পরিচয়ের বড় একটি অংশজুড়ে রয়েছে ‘কফি উইথ করণ’। দেখতে দেখতে ২২ বছর পেরিয়ে গেছে এবং এবার নবম মৌসুমে পৌঁছেছে অনুষ্ঠানটি।

আগামী এক দশক চলচ্চিত্র পরিচালনা ও নতুন গল্প বলার কাজে নিজেকে আরও বেশি সময় দিতে চান বলেও জানান করণ। তাই আবেগঘনভাবেই এই মৌসুমকে অনুষ্ঠানের শেষ অধ্যায় হিসেবে বেছে নিয়েছেন তিনি।

বিদায়ের সিদ্ধান্তকে ব্যক্তিগত ও আবেগঘন উল্লেখ করে করণ বলেন, শেষবারের মতো সেই কাউচে বসবেন তিনি, যেখানে বছরের পর বছর তারকাদের খোলামেলা কথোপকথন ও নানা বিতর্ক দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও স্মৃতিকে আজীবন মনে রাখবেন বলেও জানান তিনি।

২০০৪ সালে স্টার ওয়ার্ল্ডে শুরু হয়েছিল ‘কফি উইথ করণ’। প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান ও কাজল। এরপর অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, সঞ্জয় লীলা বনশালিসহ বলিউডের অসংখ্য তারকা এই অনুষ্ঠানে হাজির হয়েছেন।

দীর্ঘ পথচলায় তারকাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ, বন্ধুত্ব ও বিতর্কিত মন্তব্য নিয়ে ‘কফি উইথ করণ’-এর বিভিন্ন পর্ব বারবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। ২০১৯ সাল পর্যন্ত স্টার ওয়ার্ল্ডে ছয়টি মৌসুম প্রচারের পর অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্মে চলে যায়।

এবার সেই দীর্ঘ যাত্রার ইতি টানতে যাচ্ছে অনুষ্ঠানটি। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হওয়া নবম মৌসুমের মধ্য দিয়েই পর্দা নামবে ‘কফি উইথ করণ’ এর।