ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা কোয়েল মল্লিক ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন। গত সোমবার (৬ এপ্রিল) তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করেন। বর্ণাঢ্য এই আয়োজনে নিজের মাতৃভাষা বাংলায় শপথ নিয়ে উপস্থিত সবার নজর কেড়েছেন এই অভিনেত্রী।

জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে কোয়েল তাঁর পরিবারকে পাশে রাখতে পছন্দ করেন, যার প্রতিফলন দেখা গেছে সংসদ ভবনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানেও। কোয়েলের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন তাঁর বাবা কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং তাঁদের একমাত্র ছেলে কবীর। রাজনৈতিক আঙিনায় মেয়ের এই নতুন পথচলায় রঞ্জিত মল্লিককেও বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

শপথ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই একটি বিষয় দর্শকদের বিশেষ কৌতূহলের জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি নিজের নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উচ্চারণ করছেন। রুপালি পর্দায় ‘কোয়েল’ নামে আকাশচুম্বী জনপ্রিয়তা পেলেও দাপ্তরিক ও একাডেমিক সব নথিতে তাঁর আসল নাম রুক্মিণী।

এর আগে এক সাক্ষাৎকারে কোয়েল জানিয়েছিলেন, তাঁর প্রথম সিনেমার পরিচালক হরনাথ চক্রবর্তী পারিবারিক বন্ধু হওয়ায় তাঁকে ডাকনামেই চিনতেন এবং সেই নামেই পর্দায় তাঁর অভিষেক ঘটে। তবে সাংবিধানিক প্রক্রিয়া ও সরকারি নথিপত্রের বাধ্যবাধকতায় তিনি আদি নাম ‘রুক্মিণী’ ব্যবহার করেন। সেই ধারাবাহিকতায় রাজ্যসভাতেও তিনি দাপ্তরিক নামেই শপথ গ্রহণ করলেন। অভিনয়ের আঙিনা জয় করে এবার সংসদ সদস্য হিসেবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করতে মুখিয়ে আছেন এই অভিনেত্রী।