টলিউডে দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পর এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর সপ্তাহের শুরুতেই তিনি কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দির এ পূজা দিতে যান। সঙ্গে ছিলেন বাবা রঞ্জিত মল্লিক, ছেলে কবীর ও মেয়ে কাব্য।

সিনেমার জগৎ থেকে রাজনীতির অঙ্গনে মেয়ের এই নতুন যাত্রা নিয়ে রঞ্জিত মল্লিকের অবস্থান বেশ ইতিবাচক। তার মতে, কোয়েল এখন যথেষ্ট পরিণত, অভিজ্ঞ ও বিবেকবান। আলাদা করে তাকে কিছু শেখানোর প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি।

বাবা হিসেবে একটাই পরামর্শ দিয়েছেন যে কাজই করুক না কেন, যেন সততার সঙ্গে এবং মানুষের কল্যাণের উদ্দেশ্যে করে। রঞ্জিত মল্লিকের বিশ্বাস, কোয়েল সবসময় ঠাণ্ডা মাথায় ও বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেন। রাজনীতির মতো জটিল ক্ষেত্রেও তিনি একইভাবে দায়িত্ব পালন করবেন বলেই পরিবারের আশা।

রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মল্লিক পরিবারে চলছে উৎসবের প্রস্তুতি। নাতি-নাতনিদের নিয়ে দোল উৎসবের আনন্দে মেতে উঠতে প্রস্তুত হচ্ছেন রঞ্জিত মল্লিক। তবে পরিবারের সবার প্রার্থনা একটাই রাজ্যসভার দায়িত্ব যেন কোয়েল নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারেন এবং সুস্থভাবে এই নতুন অধ্যায় শুরু করতে পারেন।