দেশ ছেড়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে প্রবাসে থেকেও তিনি থেমে নেই নতুন সিনেমা নিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। তার আসন্ন কাজের নাম ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, যা শুরুতে সিরিজ আকারে পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে।

সিনেমাটির গল্প গড়ে উঠেছে প্রবাস জীবনের এক কঠিন বাস্তবতাকে কেন্দ্র করে। বিশেষ করে বিদেশে গিয়ে অনেক নারী চুক্তিভিত্তিক বিয়েতে জড়িয়ে পড়েন যেখানে সম্পর্কের স্থায়িত্ব থাকে অনিশ্চিত, আর অনেক ক্ষেত্রেই সেই সম্পর্ক দ্রুত ভেঙে যায়। আবার কিছু ক্ষেত্রে আগে থেকেই বিবাহিত নারীরাও নতুন জীবন গড়ার আশায় বিদেশে পাড়ি জমান, কিন্তু সেখানে গিয়ে নানা জটিলতা, মানসিক চাপ ও সংগ্রামের মুখে পড়তে হয়। এই বাস্তবতার ভেতর দিয়েই এগিয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এর কাহিনি।

মৌসুমী জানিয়েছেন, সিনেমাটিতে দেখানো হবে কীভাবে এসব নারীরা প্রবাসে টিকে থাকার লড়াই করেন, কীভাবে তারা ধীরে ধীরে নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ব্যক্তিগত সম্পর্কের ভাঙাগড়া তাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলে। মূলত এটি নারীর মর্যাদা, সংগ্রাম এবং বাস্তব জীবনের জটিল সম্পর্কের গল্প।

সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর, যিনি একইসঙ্গে ছবিটির পরিচালনার দায়িত্বেও আছেন। জানা গেছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় এই সিনেমার শুটিং। তখন এটি একটি সাসপেন্স থ্রিলারধর্মী সিরিজ হিসেবে পরিকল্পিত ছিল, যেখানে মৌসুমীর চরিত্রকে কেন্দ্র করে গল্প এগোনোর কথা ছিল।

পরবর্তীতে প্রকল্পটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ নেয় এবং সেন্সর বোর্ড থেকেও ছাড়পত্র পায়। সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, কানাডাসহ একাধিক দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী এ কারণে সিনেমাটি ঘিরে প্রবাসী দর্শকসহ দেশেও বাড়ছে আগ্রহ।