প্রেমের গুঞ্জন, সম্পর্ক কিংবা বিয়ের খবর নিয়ে তারকাদের ব্যক্তিজীবনে ভক্তদের আগ্রহ সব সময়ই থাকে। এবার নিজের প্রেম ও বিয়ে নিয়ে দৃষ্টিভঙ্গি জানিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী কেয়া পায়েল।
সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের সময় এক যুবকের সঙ্গে অভিনেত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি অভিজাত রেস্টুরেন্টে পাশাপাশি বসে খাবার খেতে এবং ওই যুবককে যত্ন করে খাইয়ে দিতে দেখা যায় তাকে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় নানা জল্পনা।
এর মধ্যে নিজের একটি ছবি প্রকাশ করে কেয়া পায়েল ক্যাপশনে লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ এতে প্রেমের গুঞ্জন আরও বাড়ে। তবে ওই যুবকের সঙ্গে সম্পর্কের বিষয়ে অভিনেত্রী নিশ্চিত করে কিছু জানাননি।
সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনা তুলে ধরে কেয়া পায়েল বলেন, প্রেম গোপন রাখার মধ্যেই এর সৌন্দর্য। সম্পর্ক প্রকাশ্যে আনতে চান না তিনি। বিয়ে করার সিদ্ধান্ত নিলে সবাইকে জানাবেন। অভিনেত্রীর ভাষায়, প্রেম ভেঙেও যেতে পারে, তাই সম্পর্কের বিষয়টি আগেভাগে প্রকাশ করতে চান না তিনি।