বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন বিশেষ দিনে দুজনকে একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নানা ছবি ও ভিডিওও নিয়মিত নজর কাড়ে। দীর্ঘদিনের এই সম্পর্ক যে ভালোই চলছে, সেটিও স্পষ্ট।

তবে এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি। অভিনেত্রীর সাফ কথা, তাঁদের সম্পর্কে এমন কিছু ঘটেনি যে এখনই বিয়ে করতে হবে।

শিগগিরই বড় পর্দায় আসছে কৌশানির নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে তাঁর বিয়ের প্রসঙ্গ। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল, চলতি বছরের শেষেই নাকি বনি সেনগুপ্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন কৌশানি। সেই প্রসঙ্গেই নিজের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।

কৌশানি বলেন, প্রতিটি সম্পর্কের পরিণতি হিসেবে বিয়েকে দেখা হলেও তিনি বর্তমানে নিজের সম্পর্কে বেশ ভালো আছেন। বনি ও তিনি দুজনেই ভালো আছেন। তাই শুধু বয়স বা জৈবিক সময়ের কথা বিবেচনা করে বিয়ের সিদ্ধান্ত নিতে চান না তিনি।

অভিনেত্রীর ভাষায়, যখন তাঁর মনে হবে তিনি বিয়ের জন্য প্রস্তুত, তখনই সেই সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ বিয়ের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে নিতে চান না কৌশানি।

বিয়ে নিয়ে পরিবারের মধ্যেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান অভিনেত্রী। বিশেষ করে তাঁর বাবা প্রায়ই মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের বকা খাওয়ার ভয়েই অনেক সময় আবার চুপ করে যান তিনি।

অন্য অনেক বাবার মতো কৌশানির বাবারও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে তিনি রাজি নন। ফলে বনি সেনগুপ্তের সঙ্গে কৌশানির বিয়ের গুঞ্জন থাকলেও আপাতত নিজের মতো করেই সময় নিতে চান অভিনেত্রী।