বলিউডের বিনোদন অঙ্গনে রাজনৈতিক প্রভাব ও নজরদারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যের জেরে সমালোচনায় থাকা অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় এবার কড়া সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে।
নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এক পর্বে এ আর রহমান অতিথি হিসেবে হাজির হওয়ার পরই আপত্তি তোলেন বিজেপি নেতা নীতেশ রানে। তাঁর দাবি, ধর্মীয় বিভাজন নিয়ে রহমানের সাম্প্রতিক মন্তব্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তাই তাঁকে এমন বড় মঞ্চে আমন্ত্রণ জানানো ঠিক হয়নি।
এক বিবৃতিতে নীতেশ রানে বলেন, বিনোদনের স্বাধীনতা থাকা জরুরি হলেও জাতীয়তাবাদ ও মানুষের ধর্মীয় অনুভূতিকে অগ্রাধিকার দিতে হবে। বিনোদনের নামে দেশের সংস্কৃতি ও সংহতির সঙ্গে আপস করা যায় না।
উল্লেখ্য, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান দাবি করেন, গত আট বছরে তিনি বহু কাজ হারিয়েছেন এবং এর পেছনে ধর্মীয় বিভাজন ভূমিকা রেখেছে। এ মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হলে পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, কোনো গোষ্ঠীকে আঘাত করা তাঁর উদ্দেশ্য নয় এবং একজন গর্বিত ভারতীয় হিসেবে তিনি দেশের স্বাধীনতা ও বৈচিত্র্যকে সম্মান করেন।