বলিউডের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলতি মৌসুমে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। তবে আসন্ন ‘জাজমেন্ট ডে’ পর্বে বিশেষ উপস্থিতিতে ফিরছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, যিনি এবার ‘দর্শকের কণ্ঠ’ হিসেবে প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন করবেন।
সম্প্রতি প্রকাশিত এক প্রোমোতে দেখা যায়, প্রতিযোগী অভিনেতা রামের পারফরম্যান্স ও আচরণ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন কঙ্গনা। শুরু থেকেই রামের পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা চলছিল। সেই ধারাবাহিকতায় ‘জাজমেন্ট ডে’ পর্বে তাকে কঠিন জবাবদিহির মুখে পড়তে হয়।
কঙ্গনা রামকে উদ্দেশ করে বলেন, ‘আপনি যদি মন দিয়ে খেলাটা না খেলেন, আর যদি মনে হয় এই শো আপনার জন্য নয়, তাহলে এখানে এসেছেন কেন? আপনি কি নিজেকে খুব বড় কিছু মনে করেন?’
কঙ্গনার এমন মন্তব্যের জবাবে রামও চুপ থাকেননি। তিনি বলেন, ‘সঠিক সময়ে আমিও আমার সত্যিটা সবার সামনে তুলে ধরব। এখানে উপস্থিত অনেকের চেয়ে সেটা আমি আরও ভালোভাবে করতে পারি।’
তবে রামের বক্তব্য শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দেন কঙ্গনা। তিনি বলেন, ‘যদি সত্যিই নিজের উন্নতি করতে চান, তাহলে এভাবে নিজের হয়ে সাফাই গাওয়ার চেষ্টা করবেন না।’
প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুখোমুখি বাক্যযুদ্ধ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পুরো ঘটনা দেখতে এখন ‘জাজমেন্ট ডে’ পর্বের অপেক্ষায় দর্শকরা।