রাজনীতিতে সক্রিয় হয়ে কিছুটা বিরতি নেওয়ার পর আবারও অভিনয়ে ফিরছেন কঙ্গনা রানাওয়াত। ২০২৪ সালের জুনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বেশিরভাগ সময় রাজনীতিতেই ব্যস্ত ছিলেন। ফলে তার অভিনয় ক্যারিয়ারে সাময়িক গতি কমে যায় এবং নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহও কিছুটা কমে।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তার একমাত্র মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ইমার্জেন্সি, যা তিনি নিজেই পরিচালনা করেন। তবে ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এই প্রেক্ষাপটেই কঙ্গনা এবার ফিরছেন তার অন্যতম জনপ্রিয় সিনেমা কুইন এর সিকুয়েল নিয়ে।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ এ দেখানো হয়েছিল, কীভাবে দিল্লির এক সাধারণ মেয়ে একা ইউরোপ ভ্রমণে গিয়ে নিজের আত্মবিশ্বাস ও স্বাধীনতার নতুন সংজ্ঞা খুঁজে পায়। নতুন সিকুয়েলে সেই চরিত্রকেই আবার দেখা যাবে, তবে এবার তার যাত্রা সীমাবদ্ধ থাকবে ভারতের ভেতরেই। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে।

প্রাথমিকভাবে সিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কুইন ফরএভার’। দীর্ঘ সময় ধরে চিত্রনাট্যের কাজ শেষ করে এবার শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। চলতি মাসের শেষ দিকেই ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হবে।

ছবিটি পরিচালনা করবেন আগের কিস্তির নির্মাতা বিকাশ বাহল। আগের মতোই নারী স্বাধীনতা ও আত্মনির্ভরতার বার্তাই থাকবে এই সিনেমার মূল উপজীব্য। তবে প্রথম ছবির সহশিল্পী রাজকুমার রাও এই সিকুয়েলে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

সবকিছু ঠিক থাকলে, ‘কুইন ফরএভার’ চলতি বছরের শেষ দিকে বা ২০২৭ সালের শুরুতে মুক্তি পেতে পারে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।