ঘটনাটি কয়েক বছর আগের। করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে এসেছিলেন কঙ্গনা রানাউত। তাঁর সঙ্গে ছিলেন অনিল কাপুর ও সঞ্জয় দত্ত। আড্ডার এক পর্যায়ে করণ কঙ্গনাকে প্রশ্ন করেন, বলিউডে এমন কেউ আছেন কি, যার সঙ্গে তিনি কখনও ফ্লার্ট করেছেন।

কোনো রাখঢাক না রেখেই কঙ্গনা তখন অক্ষয় খান্নার নাম বলেন। তাঁর এই সরাসরি উত্তরে অনিল কাপুর ও সঞ্জয় দত্ত দুজনই বেশ চমকে যান। কঙ্গনা জানান, অক্ষয়ের সঙ্গে তিনি আগেও কথা বলার চেষ্টা করেছেন। এমনকি বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি ফ্লার্টও করেছেন। কিন্তু অক্ষয় কখনও সাড়া দেননি। কঙ্গনার কথায়, অক্ষয় আসলে কারও সঙ্গেই খুব একটা কথা বলেন না।

অক্ষয়কে কাছে পাওয়ার চেষ্টা বাস্তবে রূপ না নিলেও, তাঁর ব্যক্তিত্ব যে কঙ্গনাকে গভীরভাবে আকর্ষণ করে, তা প্রকাশ করতে দ্বিধা করেননি অভিনেত্রী।

এদিকে ২০২৫ সাল অক্ষয় খান্নার ক্যারিয়ারের জন্য ছিল দারুণ সফল। তাঁর অভিনীত ‘ছাওয়া’ ও ‘ধুরন্ধর’ ছবি দুটি বক্স অফিসে বড় সাফল্য পায়। এর মধ্যেই ‘ধুরন্ধর’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানে অক্ষয়ের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নতুন করে দর্শকদের মুগ্ধতা বাড়িয়েছে এই অভিনেতার প্রতি।