তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও ওটিটি অভিনেত্রী কারিনা কায়সারের আকস্মিক ও অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো বিনোদন অঙ্গন। প্রিয় বন্ধুকে চিরদিনের জন্য হারিয়ে কিছুতেই চোখের জল ধরে রাখতে পারছেন না আরেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। সম্প্রতি গণমাধ্যমের সামনে এসে কান্নাভেজা কণ্ঠে কারিনাকে নিজের জীবনের ‘সবচেয়ে বড় অর্জন’ ও ‘সোলমেট’ (আত্মার আত্মীয়) বলে উল্লেখ করেন তিনি।
স্মৃতিচারণ করতে গিয়ে ডানা বলেন, "আমার জীবনে সবচেয়ে বড় অর্জন ছিল কারিনার মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমি কোনোদিন কল্পনাও করিনি কারিনা আসলে এত অল্প সময়ের জন্য আমাদের মাঝে এসেছিল। মাত্র ১০টি দিনের ব্যবধানে আমাদের জীবনের সবকিছু যেন এদিক-ওদিক ওলটপালট হয়ে গেল! আমি হয়তো জীবনে অনেক কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কারিনা এত দ্রুত চলে যাবে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।"
কারিনার অমায়িক ব্যক্তিত্ব ও পরোপকারী স্বভাবের কথা স্মরণ করে ডানা আরও বলেন, "যারা ওর সাথে একটাবারের জন্যও মিশেছে, তারা ভালো করেই জানে ওর মতো ভালো মনের মানুষ কতটা বিরল। ও ছোট থেকে ছোট মানুষকেও কাজের জন্য ভীষণ প্রশংসা করত, কেয়ার করত। কেউ ওকে কিছু বললেও ও শুধু হাসিমুখে বলতো ‘আমার তো মায়া লাগে, আমার তো ভালো লাগে’। ও জীবনটা এভাবেই কাটাতে চেয়েছিল; সবসময় হাসিখুশি থাকত, ওর মনে কোনো আফসোস বা ক্ষোভ ছিল না।"
একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক হিসেবে কাজের অভিজ্ঞতা জানিয়ে ডানা বলেন, "ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কত রকমের প্রতিযোগিতা ও হিংসা থাকে। কিন্তু কারিনার মনে এসবের কোনো স্থান ছিল না। আমার কোনো ভিডিওতে ভিউ বেশি আসলে ও নিজে থেকে এসে আমাকে জড়িয়ে ধরে আনন্দে বলত, ‘ডানা, তোমার অনেক ভিউ আসছে!’ আমাকে নিয়ে কেউ নেতিবাচক কথা বললে কারিনা সেখানে গিয়ে আমাকে ডিফেন্ড করত, আবার কেউ আমার প্রশংসা করলে সেখানে ও ধন্যবাদ জানাত। গত কয়েক বছর ধরে ও আমার সোলমেট ছিল। জীবনে আমাকে কেউ এতটা আপন করে নেয়নি।"
সবশেষে গভীর আক্ষেপ প্রকাশ করে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, "ওর মতো খাঁটি মানুষের এই স্বার্থপর দুনিয়াতে অনেক বেশি দরকার ছিল। এটাই আফসোস যে, যারা ওকে শেষ অব্দি চিনতে পারে নাই, এটা তাদের চরম দুর্ভাগ্য।"
গত ১৫ মে লিভার ফেইলিউর ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কায়সার-তনয়া কারিনা কায়সার। গতকাল সোমবার মুন্সিগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রিয় বন্ধুর এমন আকস্মিক বিদায়ে ডানার এই আবেগঘন বার্তা নেটদুনিয়ার দর্শকদেরও অশ্রুসিক্ত করে তুলেছে।