দক্ষিণী সিনেমার গ্লোবাল সুপারস্টার জুনিয়র এনটিআর এবং ব্লকবাস্টার ‘কেজিএফ’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমাটি আবারও বড়সড় আলোচনায়। এতদিন অব্দি ‘এনটিআরনীল’ (NTRNeel) নামে পরিচিত এই মেগা প্রজেক্টটির সম্ভাব্য নাম এখন জানা যাচ্ছে ‘ড্রাগন’। সম্প্রতি ভারতের সেন্সর বোর্ডের ওয়েবসাইটে সিনেমাটির গ্লিম্পস সার্টিফিকেশনের তথ্য ফাঁসের পর বিষয়টি প্রকাশ্যে আসে। সেখানে ভিডিওটি ‘গ্লিম্পস অব ড্রাগন’ নামে তালিকাভুক্ত করা হয়েছে, যা সিনেমাটির নাম নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়েছে।
তবে নাম ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে এই গ্লিম্পসের দৈর্ঘ্য। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটির রানটাইম বা দৈর্ঘ্য ৪ মিনিট ৩৫ সেকেন্ড! সাধারণত সিনেমার গ্লিম্পস বা টিজার এক মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এমনকি পূর্ণাঙ্গ ট্রেইলারও তিন মিনিটের বেশি হয় না। ফলে একটি গ্লিম্পসের দৈর্ঘ্য সাড়ে চার মিনিটের কাছাকাছি হওয়াতে রীতিমতো অবাক হয়েছেন সিনেমাপ্রেমীরা। জানা গেছে, সেন্সর বোর্ড থেকে ভিডিওটি ‘UA 16+’ সনদ পেয়েছে। এতেই স্পষ্ট যে, প্রশান্ত নীলের চিরচেনা ডার্ক থিম, হাই-ভোল্টেজ অ্যাকশন এবং রক্তক্ষয়ী দৃশ্য দিয়ে ভরপুর হতে যাচ্ছে এই টিজার।
আগামীকাল ১৯ মে মধ্যরাতেই (২০ মে এনটিআরের জন্মদিন উপলক্ষে) বিশেষ এই গ্লিম্পস প্রকাশ পাওয়ার কথা রয়েছে। প্রিয় তারকার জন্মদিনের ঠিক আগ মুহূর্তে এমন বড় ধামাকা দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। বড় বাজেটের হাই-অ্যাকশন এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস ও এনটিআর আর্টস।
সিনেমার কাস্টিংয়েও রয়েছে একঝাঁক বড় চমক। এতে জুনিয়র এনটিআরের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তকে। একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। এর আগে খলনায়কের ভূমিকায় মালয়ালম তারকা টোভিনো থমাসের নাম শোনা গেলেও শিডিউল জটিলতার কারণে তিনি প্রজেক্টটি থেকে সরে দাঁড়ান। বর্তমানে সেই ভিলেন চরিত্রে বলিউড চকলেট বয় শাহিদ কাপুরকে নেওয়ার জোর গুঞ্জন চলছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
সিনেমার আবহ ও সংগীত পরিচালনার দায়িত্বে আছেন রবি বসরুর, যিনি এর আগে ‘কেজিএফ’ ও ‘সালার’-এর মতো সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। সিনেমাটি নিয়ে আরেকটি বড় গুঞ্জন হলো, ‘ড্রাগন’ নাকি দুটি পর্বে মুক্তি পেতে পারে। নির্মাতারা এখনও বিষয়টি নিশ্চিত না করলেও ভক্তদের ধারণা, আসন্ন দীর্ঘ গ্লিম্পসটিতেই সিনেমার গল্প ও ইউনিভার্স নিয়ে বড় কোনো ইঙ্গিত মিলবে। সবকিছু ঠিক থাকলে ২০blank২৭ সালের ১১ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।