দেশের প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ এর জন্মদিনকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করেছেন দেশের জাদুশিল্পীরা। গত শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) তে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জাদুশিল্পী ঐক্য পরিষদ এর পক্ষ থেকে এই বিশেষ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, জুয়েল আইচ শুধু একজন জাদুশিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অনন্য সম্পদ। তার অবদানের কারণেই জাদুশিল্প আজ আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছে এবং সম্মানজনক অবস্থান তৈরি করতে পেরেছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, জুয়েল আইচ বর্তমানে জাদুশিল্পী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের ফলেই এই শিল্পে একুশে পদকের মতো মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন সংগঠনের সদস্যরা।
সব মিলিয়ে, জাদুশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই তার জন্মদিনকে ‘জাদু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক বিশেষ সম্মান হিসেবেই বিবেচিত হচ্ছে।