মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ঝলমলে উপস্থিতি আবারও নজর কেড়েছে ভক্তদের। তবে এবার তাঁর পোশাকের চেয়েও বেশি আলোচনা হচ্ছে গলায় পরা ১৮৬ ক্যারেটের একটি হীরার হার নিয়ে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। এত দামি গয়নার নিরাপত্তায় নিয়োগ দিতে হয়েছে চারজন নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে দুজন ছিলেন দায়িত্বের বাইরে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা।

গত বৃহস্পতিবার রাতে নিজের কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’র প্রিমিয়ারে হাজির হয়ে নজর কাড়েন লোপেজ। ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা পোশাকে তাঁকে দেখাচ্ছিল রাজকীয়। শ্যান্টিলি লেসের গাউনের সঙ্গে ছিল সাটিনের শাল-কোট। তবে তাঁর সাজের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ ছিল ১৮৬ ক্যারেটের হীরার হার, যার নাম ‘সিসিলিয়া’।

হারটির মাঝখানে রয়েছে ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির একটি হীরা। এর মূল্য ও সৌন্দর্য বিবেচনায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। প্রিমিয়ারের লালগালিচায় এক সাক্ষাৎকারে লোপেজ জানান, হারটির চারপাশে নিরাপত্তাব্যবস্থা রয়েছে এবং সবাই সেটির দিকেই নজর রাখছেন।

এই পোশাক ও গয়নার সঙ্গে লোপেজের পরিচয় গত জুলাইয়ে। ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার আলতা মোদা ফ্যাশন শোতে পারফর্ম করার সময় প্রথম তাঁর পছন্দ হয় গাউন, কোট ও হারটি। পরে প্রিমিয়ারের জন্য ব্র্যান্ডটি তাঁর কাছে সেগুলো পাঠানোর কথা জানায়। কোটটি উপহার হিসেবে পেলেও হীরার হারটি শুধু ওই রাতের অনুষ্ঠানের জন্য দেওয়া হয়েছিল।

এত দামি হার নিজের সংগ্রহে রাখার কোনো পরিকল্পনা নেই লোপেজের। বরং গয়নার সৌন্দর্য ও মূল্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এটি অসাধারণ সুন্দর। যিনি শেষ পর্যন্ত হারটির মালিক হবেন, তিনি ভাগ্যবান। তাঁর মতে, এমন গয়না প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়া যায়।

অন্যদিকে ‘দ্য জে-লো শো’ শুধু জনপ্রিয় গান পরিবেশনার আয়োজন নয়। লাস ভেগাসের মঞ্চে ধারণ করা এই কনসার্ট চলচ্চিত্রে লোপেজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা অধ্যায়ও উঠে এসেছে। ব্রঙ্কসে শৈশব থেকে শুরু করে বিশ্বজোড়া তারকা হয়ে ওঠার গল্প রয়েছে এতে।

লোপেজের কাছে অনুষ্ঠানটি ক্যারিয়ারের একটি বিশেষ অধ্যায়। বর্তমানে নতুন অ্যালবামের কাজ করছেন তিনি। পাশাপাশি জীবন ও ক্যারিয়ারের নতুন গল্প বলার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর ভাষায়, এই শো অতীতের কাজগুলোর একটি সমাপ্তি টেনে সামনে নতুন অধ্যায়ের সূচনা করবে।

ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা। চারবার বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতার পর আপাতত নতুন কোনো সম্পর্কে জড়াতে চান না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে লোপেজ জানিয়েছেন, এখন তিনি একা থেকেই ভালো আছেন এবং নিজের এই শান্তিপূর্ণ জীবন নষ্ট করতে চান না। ভালোবাসা সম্পর্কে নিজের পুরোনো ধারণা নিয়েও নতুন করে ভাবছেন তিনি।

সন্তানদের বাড়ি ছেড়ে কলেজে যাওয়াও লোপেজের জীবনে তৈরি করেছে নতুন শূন্যতা। সাবেক স্বামী মার্ক অ্যান্টনির সঙ্গে তাঁর যমজ সন্তান এমে ও ম্যাক্স বর্তমানে কলেজের প্রথম বর্ষে পড়ছেন। দুজনই বাড়ি ছেড়ে যাওয়ায় তাঁদের ছাড়া ঘরকে অনেকটাই ফাঁকা মনে হয় লোপেজের।

সন্তানদের ঘর আগের মতোই সাজিয়ে রেখেছেন তিনি। মাঝেমধ্যে তাঁদের ঘরে গিয়ে বসেন, জিনিসপত্র দেখেন। সন্তানদের কথা মনে করে প্রায়ই আবেগপ্রবণ হয়ে পড়েন বলেও জানিয়েছেন এই তারকা। তবে নিয়মিত ফোন ও ভিডিও কলে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

নতুন অ্যালবামের কাজ, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং ক্যারিয়ারের পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় কাটছে লোপেজের। তাঁর কাছে ‘দ্য জে-লো শো’ পুরোনো অধ্যায়ের সমাপ্তির পাশাপাশি নতুন শুরুর প্রতীক।

‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এর বর্ধিত সংস্করণ দেখা যাবে শুধু প্যারামাউন্ট প্লাসে।