দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন টালিউড অভিনেতা জিৎ। তাঁর নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। সিনেমা মুক্তির আগে প্রচারণা নিয়ে একটি মন্তব্য করে অবশ্য নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা। তাঁর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন দেবের ভক্তদের একাংশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৪ আগস্ট দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটিও মুক্তির কথা ছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে নেওয়া হয়েছে। ফলে একই দিনে দুই তারকার সিনেমার সম্ভাব্য লড়াই আর হচ্ছে না। এর মধ্যেই নিজের সিনেমার প্রচারে দেবের মার্কেটিং কৌশল নিয়ে কথা বলেন জিৎ।

এক সাক্ষাৎকারে জিৎ বলেন, দেব যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমার প্রচার করেন, সেটি তাঁর ভালো লাগে। এ ক্ষেত্রে দেবের অনেক শক্তির জায়গা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে নিজের ক্ষেত্রে এ ধরনের প্রচারণায় আগ্রহী নন জিৎ। তিনি মনে করেন, সিনেমার প্রচারের জন্য তাঁকে সব জায়গায় গিয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।

জিতের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন দেবের ভক্তরা। কেউ দেবের প্রচারণার প্রশংসা করে জিতের মন্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ তাঁকে কটাক্ষও করেছেন। এক ভক্ত মন্তব্য করেন, দেবকে দেখে এখন পুরো ইন্ডাস্ট্রি সিনেমার প্রচারণার কৌশল শিখছে। অন্যদিকে, কেউ কেউ জিতের নতুন সিনেমার সাফল্য নিয়েও কটাক্ষ করেছেন।

তবে জিতের বক্তব্যে দেবকে সরাসরি আক্রমণের বিষয় ছিল না। বরং তিনি দেবের প্রচারণার ধরনকে তাঁর নিজস্ব শক্তির জায়গা হিসেবে উল্লেখ করলেও নিজের কাজের ধরন আলাদা বলে জানিয়েছেন। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এদিকে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে চট্টগ্রামের বিপ্লবী অনন্ত সিংকে ঘিরে। ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনন্ত সিংয়ের। জীবনের নানা ঘটনা ও কর্মকাণ্ডের কারণে কেউ তাঁকে বিপ্লবী, আবার কেউ ডাকাত হিসেবে আখ্যা দিয়েছিলেন। সিনেমায় অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ।

ছবিটিতে জিতকে নয়টি ভিন্ন লুকে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত ও চন্দন সেন। দীর্ঘ বিরতির পর জিতের বড় পর্দায় প্রত্যাবর্তন হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।